টিকা নিতে গিয়ে স্কুলছাত্রী অপহৃত

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২২, ০২:০৫ এএম

গাজীপুরের কালিয়াকৈরে টিকা নিতে গিয়ে দশম শ্রেণির এক ছাত্রী অপহরণ হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার চার দিন পেরিয়ে গেলেও গতকাল বৃহস্পতিবার বিকেল পর্যন্ত ওই ছাত্রীকে উদ্ধার করতে পারেনি পুলিশ। অপহৃত স্কুলছাত্রী উপজেলার বাঙ্গুড়ী আবদুল হাকিম উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, গত ১৩ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৯টার দিকে পূজা রানী উপজেলা পরিষদের সভাকক্ষের কেন্দ্রে টিকা নিতে বাড়ি থেকে বের হয়।

এরপর সে আর বাড়ি ফেরেনি। অনেক খোঁজাখুঁজি করেও সারা দিন তার সন্ধান মেলেনি। ওইদিন সন্ধ্যা ৬টার দিকে উপজেলার আষাড়িয়াবাড়ী এলাকার শীতল চন্দ্র সরকারের ছেলে শুভ চন্দ্র সরকার ফোন করে জানান, পূজা রানী আর বাড়ি ফিরবে না।

পরিবারের অভিযোগ, তাদের দশম শ্রেণিপড়–য়া মেয়েকে ফুসলিয়ে অপহরণের পর অন্য কোথাও আটকে রেখেছে। এ ঘটনায় ১৪ ফেব্রুয়ারি ওই ছাত্রীর বাবা যাদব চন্দ্র সরকার বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ করেন। কিন্তু ওই ঘটনার চার দিন পেরিয়ে গেলেও স্কুলছাত্রীকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মেয়েকে ফিরে পাওয়ার আসার অপেক্ষার প্রহর গুনছেন তার বাবা-মাসহ পরিবারের লোকজন। কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) আফজাল হোসেন জানান, এ ঘটনায় থানায় একটি অভিযোগ হয়েছে। তবে ওই স্কুলছাত্রীকে উদ্ধারের চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত