বিএনপি নেতা আসলামের ভাই আমজাদ গ্রেপ্তার

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২২, ০১:৪৭ এএম

ব্যাংকের টাকা আত্মসাৎ ও মানি লন্ডারিং মামলায় কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব কারাবন্দি আসলাম চৌধুরীর ভাই মো. আমজাদ হোসেন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। তার বিরুদ্ধে শত শত কোটি টাকা আত্মসাৎ ও মানি লন্ডারিং আইনের মামলার ১৫টিতে পরোয়ানা ছিল।

পুলিশ জানিয়েছে, আমজাদ হোসেন চৌধুরী এত দিন পলাতক ছিলেন। সর্বশেষ বৃহস্পতিবার রাতে তিনি দুবাইয়ের উদ্দেশে শাহ আমানত বিমানবন্দরে যান। ইমিগ্রেশন পাস করার সময় পুলিশের হাতে ধরা পড়েন তিনি।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক শেখ গোলাম মাওলা বলেন, ‘দেশত্যাগের নিষেধাজ্ঞার বিষয়ে সংশ্লিষ্টদের চিঠি দেওয়া হয়েছিল। সেই পরিপ্রেক্ষিতে রাতে আমজাদ হোসেন চৌধুরী চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে পালিয়ে যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে দুদককে খবর দেয়। বর্তমানে তিনি সীতাকু- থানা পুলিশ হেফাজতে আছেন।’

সীতাকুন্ড মডেল থানার ওসি (তদন্ত) সুমন বণিক বলেন, ‘দুবাই যাওয়ার পথে ইমিগ্রেশন পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর আমজাদ হোসেন চৌধুরীকে রাতে থানায় নিয়ে আসা হয়েছে। শুক্রবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত