ঈদুল ফিতরে আসছে ‘শান’

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২২, ১২:৫৬ এএম

ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি পাবে অতি প্রতীক্ষিত কপ অ্যাকশন থ্রিলার সিনেমা ‘শান’। প্রযোজনা প্রতিষ্ঠান ফিল্মম্যানের পক্ষ থেকে এ দিনক্ষণ জানানো হয়েছে। ৭ জানুয়ারি বছরের প্রথম শুক্রবার ‘শান’ মুক্তির কথা ছিল। কিন্তু করোনার ক্রমবর্ধমান ঊর্ধ্বগতির জন্য মুক্তি স্থগিত করা হয়। অবশ্য গত বছর ঈদুল আজহায় সিনেমাটি দর্শকের সামনে আসার কথা থাকলেও বাগড়া দেয় ভাইরাস। এটি হতে যাবে সিয়াম আহমেদ ও পূজা চেরি জুটির তৃতীয় ছবি। ইতিমধ্যে টিজার ও গানে তাদের রসায়ন দেখেছে দর্শক। এ ছাড়া পুলিশ চরিত্রে নতুন অবতারে দেখা যাবে সিয়ামকে। সঙ্গে আছেন তাসকিন রহমান, মিশা সওদাগর, চম্পা, অরুণা বিশ্বাস, সৈয়দ হাসান ইমামসহ পরিচিত অনেক মুখ।

‘শান’-এর পরিচালনা করেছেন এম রাহিম। এর আগে রায়হান রাফী ও কলকাতার রাজ চক্রবর্তীর ছবিতে সহকারী ছিলেন তিনি। রাহিম বলেন, “বিগ বাজেটের ছবি ‘শান’। এটা আসলে উৎসবে মুক্তি দেওয়ার মতোই একটি ছবি। আমরা কয়েকবার মুক্তির উদ্যোগ নিয়েও মুক্তি দিতে পারিনি। সেটা করোনার কারণে। এবার সব ঠিক থাকলে ঈদে মুক্তি পাবে।” ছবিটির গল্প লিখেছেন ছবির প্রযোজক আজাদ খান। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন যৌথভাবে আজাদ খান ও নাজিম উদ দৌলা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত