সন্তানদের নির্যাতন থেকে বাঁচতে আকুতি

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২২, ০৪:২১ এএম

প্রথম স্ত্রীর ৯ সন্তানকে ‘অবাধ্য’ দাবি করে তাদের নির্যাতন থেকে বাঁচতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন শিল্পপতি মো. সাইজুদ্দিন মিয়া। গতকাল শনিবার নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ আকুতি জানান তিনি। সাইজুদ্দিন মিয়ার প্রথম স্ত্রী ১৯৮৮ সালে মারা যান। এরপর ১৯৯১ সালে তিনি দ্বিতীয় বিয়ে করেন। প্রথম সংসারে ৩ ছেলে ও ৬ মেয়ে এবং দ্বিতীয় সংসারে এক ছেলে রয়েছে। রূপগঞ্জের কাঞ্চনে সাইজুদ্দিন মিয়ার ‘সাইজুদ্দিন ও শান্ত টেক্সটাইল’ নামে দুটি কাপড়ের মিল রয়েছে।

সংবাদ সম্মেলনে সাইজুদ্দিন বলেন, ‘গত ৮ ডিসেম্বর প্রথম পক্ষের সন্তানরা হামলা চালিয়ে আমাকে, স্ত্রী গুলনাহার আক্তার আঁখি, ছেলে আতিকুল ইসলাম শান্ত ও গৃহকর্মী শাহিনুর আক্তারকে মারধর করে। এতে শান্তর পা ভেঙে যায় এবং শাহিনুরের বাম চোখ নষ্ট হয়ে যায়। জাতীয় জরুরি সেবা নম্বর ‘৯৯৯’-এ ফোন করলে পুলিশ আমাদের উদ্ধার করে।’ এ বিষয়ে সাইজুদ্দিনের বড় ছেলে রফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

রূপগঞ্জ থানার এসআই ও সাইজুদ্দিন মিয়ার মামলার তদন্ত কর্মকর্তা সিরাজ জানান, তিনি মামলাটি তদন্ত করে গত মাসে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছেন।

সাইজুদ্দিন অসুস্থ থাকায় তার পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান দ্বিতীয় স্ত্রী আঁখি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত