তিন ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আছে আফগানিস্তান। তবে পিএসএলের সপ্তম আসর খেলতে পাকিস্তানে ছিলেন আফগান স্পিনার রশিদ খান।
এই ফ্র্যাঞ্চাইজি লিগের চলমান আসরে ইসলামবাদ ইউনাইটেডের বিপক্ষে শেষ ম্যাচটি খেলে ফেলেছেন তিনি। এবার জাতীয় দলের সঙ্গে যোগ দিতে বাংলাদেশ আসবেন রশিদ। তার আগে পিএসএলে নিজের দল লাহোর কালান্দার্স সতীর্থদের কাছ থেকে ‘গার্ড অব অনার’ পেলেন ২৩ বছর বয়সী স্পিনার।
দুই পাশে দাঁড়িয়ে আফগান তারকাকে ‘বিদায় সংবর্ধনা’ দেন সতীর্থরা। রশিদের বিদায়ী ম্যাচে ৬৬ রানের জয় পেয়েছে লাহোর। এই ম্যাচে বল হাতে ১৯ রান দিয়ে ২ উইকেট নেন তিনি।
বাংলাদেশ-আফগানিস্তানের দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ হবে ২৩ ফেব্রুয়ারি। ২৫ ও ২৮ ফেব্রুয়ারি হবে পরের দুই ওয়ানডে। সব ম্যাচ হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
