‘হিজাব কোনো পছন্দ নয় বরং...’

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২২, ০৪:১৫ পিএম

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্নাটকের হিজাব বিতর্ক নিয়ে এবার মুখ খুলেছেন ‘দঙ্গল’ অভিনেত্রী জায়রা ওয়াসিম। জায়রা বলেন, ইসলামে হিজাব নিজের পছন্দ নয়; বরং একটি ফরজ কর্তব্য বা বাধ্যবাধকতা।

শনিবার ইনস্টাগ্রামে কর্নাটকের স্কুল ও কলেজগুলোতে হিজাবের ওপর নিষেধাজ্ঞার বিরুদ্ধে নিন্দা জানিয়ে একটি দীর্ঘ নোট শেয়ার করেছেন জায়রা।

বলিউড ছেড়ে দেওয়া এ ভারতীয় অভিনেত্রী লেখেন, ‘সুবিধার জন্য বা অজ্ঞতার কারণে এই ধারণা তৈরি হয়েছে। আসলে ইসলামে হিজাব কোনো পছন্দ নয়; বরং একটি ফরজ কর্তব্য (বাধ্যবাধকতা)। একইভাবে একজন নারী যিনি হিজাব পরেন, তিনি আল্লাহকে ভালোবেসে একটি ফরজ পূরণ করছেন এবং নিজেকে স্রষ্টার কাছে সমর্পণ করেছেন’।

জায়রা বলেন, ‘আমি, একজন নারী হিসেবে কৃতজ্ঞতা এবং নম্রতার সঙ্গে হিজাব পরি এবং এই পুরো ব্যবস্থাকে ঘৃণা এবং প্রতিরোধ করি যেখানে শুধুমাত্র একটি ধর্মীয় কর্তব্য পালন করার জন্য নারীদেরকে বাধা দেওয়া হচ্ছে এবং হয়রানি করা হচ্ছে’।

মুসলিম নারীদের শিক্ষা এবং হিজাবের মধ্যে একটি বেছে নেওয়া অন্যায্য উল্লেখ করে তিনি বলেন, ‘মুসলিম নারীদের বিরুদ্ধে এ পক্ষপাত চাপিয়ে দেওয়া এবং এমন ব্যবস্থা তৈরি করা, যেখানে তাদের শিক্ষা এবং হিজাবের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে বা যে কোনো একটি ত্যাগ করতে হবে, তা সম্পূর্ণ অন্যায়’।

‘ক্ষমতায়নের নামে’ এ প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে বলে মনে করেন এ বলিউড অভিনেত্রী।

জায়রা ওয়াসিম ২০১৯ সালে বলিউড ছেড়েছিলেন। আমির খানের ব্লকবাস্টার সুপারহিট সিনেমা দঙ্গলে অভিনয় করে জনপ্রিয়তা পান তিনি। এর পর আমিরের সঙ্গে সিক্রেট সুপারস্টার সিনেমা করেন।  কিন্তু তারপরই হঠাৎই বলিউড ছাড়ার ঘোষণা দেন জায়রা। তাকে শেষবার দেখা যায় ফারহান আখতার ও প্রিয়াংকা চোপড়া অভিনীত দ্য স্কাই ইজ পিঙ্ক ছবিতে।  ছবিটি মুক্তির আগেই অভিনয়জগতে থেকে দূরে সরে পড়েন জায়রা।

শুধু অভিনয় নয়; সোশ্যাল মিডিয়া এবং নিজের ফ্যানপেজ থেকে সব ছবি মুছে ফেলার অনুরোধ জানান জায়রা ওয়াসিম। এর পর থেকে তাকে অনেক দিন সোশ্যাল মিডিয়ায় দেখা যায়নি। দীর্ঘ বিরতি দিয়ে ফের সোশ্যাল মিডিয়ায় ফেরেন তবে নিজের মুখ হিজাবে ঢেকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত