আরো একটি লজ্জার রেকর্ডে শেষ হলো বাবর আজম ও করাচি কিংসের এবারের পিএসএল মিশন।
রবিবার চলতি আসরে নিজেদের শেষ ম্যাচ খেলতে নেমেছিল বাবরের নেতৃত্বাধীন করাচি কিংস। লাহোরে অনুষ্ঠিত ম্যাচটি কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে ২৩ রানে হেরেছে তারা।
ফলে করাচির পিএসএলের সপ্তম আসর শেষ হলো মোট ৯ হারে। টুর্নামেন্টের ইতিহাসে এই প্রথম কোনো দল এক আসরে ৯ ম্যাচ হারল।
যে কোয়েটার কাছে হেরে লজ্জার রেকর্ড হলো করাচির, এত দিন রেকর্ডটি সেই কোয়েটার দখলেই ছিল। এ মৌসুমে সর্বোচ্চ ৮ হার ছিল তাদের। গত বছরই এই লজ্জায় পড়তে হয়েছিল তাদের।
করাচি কিংস এর আগে টানা আট ম্যাচ হারে। তাতে শুধু কোয়েটার রেকর্ডে ভাগ বসানো নয়, পিএসএলের এক আসরে টানা হারের রেকর্ডও গড়ে।
নিজেদের নবম ম্যাচটা জিতলেও শেষ ম্যাচে ফের হারল করাচি। ফলে ১০ ম্যাচে মাত্র ২ পয়েন্ট নিয়ে চূড়ান্ত হতাশায় শেষ হলো তাদের পিএসএল ২০২২ মিশন।
শুধু এই আসর নয়, পিএসএলের সাত সংস্করণ মিলে সর্বোচ্চ ৪৩ ম্যাচে হার করাচি কিংসের। টুর্নামেন্টে তারাই একমাত্র দল, যারা সাত আসর মিলে ৪০টির বেশি ম্যাচ হেরেছে।
