ডিজিটাল স্বাক্ষর চালুর লাইসেন্স পেল কেন্দ্রীয় ব্যাংক

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২২, ১০:৪০ পিএম

ব্যাংক খাতে ডিজিটাল স্বাক্ষর প্রচলন ও এর নিরাপত্তা নিশ্চিত করতে এ খাতের নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ ব্যাংককে সার্টিফাইয়িং অথরিটির (সিএ) লাইসেন্স দেওয়া হয়েছে। গতকাল রবিবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ইলেকট্রনিক স্বাক্ষর সার্টিফিকেট প্রদানকারী

কর্র্তৃপক্ষ (সিসিএ) বাংলাদেশ ব্যাংককে আনুষ্ঠানিকভাবে এ লাইসেন্স হস্তান্তর করে।

এসময় সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম বলেন, এই কার্যক্রম বাংলাদেশে ইলেকট্রনিক ও ডিজিটাল স্বাক্ষর প্রসারের ক্ষেত্রে একটি মাইলফলক। এছাড়াও বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে ব্যাংকিং খাতে ডিজিটাল স্বাক্ষর বাস্তবায়নের ফলে দেশের জনগণের অনলাইন আর্থিক লেনদেনে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন।

এ লাইসেন্সের ফলে অনলাইন লেনদেনে আর্থিক ঝুঁকি কমানোর ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ডিজিটাল স্বাক্ষরের প্রচলন করতে পারবে কেন্দ্রীয় ব্যাংক। একইসঙ্গে অনলাইন লেনদেনের ক্ষেত্রে তথ্য প্রদানকারী ও গ্রহণকারীর পরিচিতির পাশাপাশি তথ্যের গোপনীয়তা, নির্ভরযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান নিয়ন্ত্রক মোহাম্মদ আবু সাঈদ, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হুমায়ুন কবির। আইসিটি বিভাগ ও বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত