ব্যাংকের মতো আর্থিক প্রতিষ্ঠানের জাহাজ নির্মাণ খাতের গ্রাহকদের ঋণ পরিশোধে বিশেষ ছাড় দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এর ফলে জাহাজ নির্মাণ খাতের প্রতিষ্ঠানগুলো ২০২১ সালের বকেয়া ঋণের ৫ শতাংশ অর্থ পরিশোধ করে আরও দুই বছর মরেটরিয়াম সুবিধা নিতে পারবে। গত রবিবার এ সংক্রান্ত নির্দেশনা জারি করে বাংলাদেশ ব্যাংক।
২০১৮ সালে অর্থ মন্ত্রণালয়ের পরামর্শে সহজ শর্তে জাহাজ নির্মাণশিল্পের বকেয়া ঋণ পরিশোধে ১০ বছর সময় দেওয়া হয়। তাতে প্রথম তিন বছর মরেটরিয়াম সুবিধা দেওয়ার কথাও বলা হয়। এখন এ মরেটরিয়াম সুবিধা ২০২৩ সাল পর্যন্ত বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়।
এর আগে ২০১৮ সালের এপ্রিলে বাংলাদেশ ব্যাংকের অন্য এক নির্দেশনায় বলা হয়েছিল, নিয়মিতভাবে জাহাজ নির্মাণ ও রপ্তানিতে নিয়োজিত শিপইয়ার্ডগুলোকে তারল্য সংকট মোকাবিলায় আবেদনপ্রাপ্তি সাপেক্ষে সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে প্রদত্ত সব ধরনের মূলধনী ঋণের সুদাসল ২০১৭ সালের ৩১ ডিসেম্বরভিত্তিক হিসাবায়ন করে কোনো ডাউনপেমেন্ট ছাড়াই তিন বছরের মরেটরিয়াম সময় মঞ্জুর করা হবে।
১০ বছরে ত্রৈমাসিক কিস্তিতে ওই ঋণ পরিশোধের লক্ষ্যে পৃথক ব্লক অ্যাকাউন্ট সৃষ্টি করা যাবে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান আগে যেসব ঋণ দিয়েছে, সেগুলোর সুদবাহী পুনঃতফসিলকৃত দায়গুলোও ওই সুবিধার আওতায় পরিশোধযোগ্য হিসেবে গণ্য হবে।
