চলতি বছরের এসএসসি পরীক্ষা জুন মাসে ও এইচএসসি আগস্টে নেওয়ার পরিকল্পনা করছে সরকার। পরীক্ষায় তিন বিষয়ের নম্বরও কমিয়ে অর্ধেক করা হয়েছে।
গত রবিবার ঢাকা শিক্ষা বোর্ড এক অফিস আদেশে ২০২২ সালের বিলম্বিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় জানানোর পাশাপাশি এ দুই পরীক্ষার পাঠ্যসূচি পরিমার্জন ও পুনর্বিন্যাসের কথাও বলেছে।
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান (রুটিন দায়িত্ব) অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত আদেশে বলা হয়, ২০২২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র বিষয়ের পুনর্বিন্যাস করা পাঠ্যসূচি আরও অধিকতর পরিমার্জন করে পুনর্বিন্যাস করা হয়েছে। এতে বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রের পাঠ্যসূচি পরিমার্জন করে এ বিষয়গুলোতে ১০০ নম্বরের পরিবর্তে ৫০ নম্বর নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপু মনি চলতি বছরও এসএসসি ও এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে নেওয়ার পরিকল্পনা জানিয়েছিলেন।
দেশে সাধারণত ফেব্রুয়ারিতে মাধ্যমিক ও এপ্রিলে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা নেওয়া হলেও করোনাভাইরাস সূচি পাল্টে দিয়েছে। করোনাভাইরাস মহামারীর কারণে বিষয় ও নম্বর কমিয়ে গত বছর এসএসসি ও এইচএসসি পরীক্ষা শুধু নৈর্বাচনিক বিষয়ে নেওয়া হয়েছিল। এর আগের বছর এসএসসি নেওয়া হলেও এইচএসসি পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি।
