গণঅভ্যুত্থান গড়ে তুলতে হবে : ফখরুল

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২২, ০৩:০২ এএম

ভাষা আন্দোলনের চেতনায় গণ-অভ্যুত্থান গড়ে তুলতে হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষাশহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ আহ্বান জানান।

মির্জা ফখরুল বলেন, ‘ভয়াবহ একটা ফ্যাসিজম দেশের ওপরে চলছে। এটাকে সরানোর জন্য, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করবার জন্য, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ভাষা আন্দোলনের চেতনাকে সঙ্গে নিয়ে এখানে একটি গণ-অভ্যুত্থান সৃষ্টি করা হবে। এর মধ্য দিয়ে সত্যিকার অর্থে আমরা একুশের চেতনাকে বাস্তবায়িত করব।’

এর আগে বিএনপি মহাসচিব সকাল সাড়ে ৮টায় দলের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় নেতা-কর্মীদের বুকে ছিল কালো ব্যাজ। কালো পতাকা হাতে নিয়ে তারা শহীদ মিনারের সামনে জড়ো হন। ভোর ৬টায় বলাকা সিনেমা হলের কাছে বিএনপির নেতা-কর্মীরা সমবেত হয়ে প্রভাতফেরি করে আজিমপুর কবরস্থানে যান। সেখানে তারা ভাষাশহীদদের কবর জিয়ারত করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাতে অংশ নেন। পরে তারা যান কেন্দ্রীয় শহীদ মিনারে।

তিনি বলেন, ‘শহীদ জব্বার, সালাম, বরকতসহ অনেকে সেদিন রাজপথে তাদের রক্ত দিয়ে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করার জন্যে আত্মত্যাগ করেছিলেন। তারই ফলে সেই সময় পাকিস্তান সরকার বাংলাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি দিতে বাধ্য হয়েছিল। ৭০ বছর আগে এই ভাষা আন্দোলনের যে মূল চেতনা ছিল আমাদের স্বাধিকারের চেতনা, সেই চেতনা ছিল আমাদের গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার চেতনা।’

বিএনপি মহাসচিব বলেন, ‘দুর্ভাগ্য আমাদের, এমন একটি সরকার আমাদের এ দেশের জনগণের ওপরে চেপে বসে আছে, যারা জনগণের সমস্ত আশা-আকাক্সক্ষা দমন করছে এবং একুশের যে চেতনা, সেই চেতনাকে তারা ভূলুণ্ঠিত করে দিয়েছে। আজকে জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, বাকস্বাধীনতা কেড়ে নিয়েছে। এ দেশের অর্থনীতিকে পুরোপুরিভাবে ভেঙে ফেলা হয়েছে এবং বাংলা ভাষা এখনো সর্বস্তরে প্রচলিত হয়নি। এ থেকে পরিত্রাণ পেতে গণ-অভ্যুত্থান গড়ে তুলতে হবে।’

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা আমান উল্লাহ আমান, আবদুস সালাম, রুহুল কবির রিজভী, খায়রুল কবির খোকন, শামা ওবায়েদ, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীসহ কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত