নিজেদের মাঠে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির বিপক্ষে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছিল বসুন্ধরা কিংস। যদিও শেষ পর্যন্ত জয় তুলে নিয়েছে দলটি।
প্রিমিয়ার লিগ ফুটবলে মঙ্গলবার রহমতগঞ্জকে ৩-২ গোলে হারায় বসুন্ধরা। টানা চার ম্যাচে জয় তুলে নিল গত দুই আসরের চ্যাম্পিয়নরা। সুবাদে টেবিলের শীর্ষে উঠেছে দলটি।
৫ ম্যাচে ১২ পয়েন্ট কিংসের। এক ম্যাচ কম খেলা আবাহনী লিমিটেড ১০ পয়েন্ট নিয়ে নেমে গেছে দ্বিতীয় স্থানে। পাঁচ ম্যাচে রহমতগঞ্জের পয়েন্ট ১।
বসুন্ধরা কিংস অ্যারেনায় এদিন শুরুতে এগিয়ে যায় রহমতগঞ্জ। ২৮ মিনিটে সানডে চিজোবা গোল করেন অতিথি দলের পক্ষে। বসুন্ধরা কিংস অবশ্য চার মিনিটের মধ্যে সমতায় ফেরে রবসন দি সিলভা রবিনিয়োর গোলে।
৪৪ মিনিটে মোহাম্মদ ইব্রাহিম কিংসকে এগিয়ে দেন ২-১ এ। তবে প্রথমার্ধের যোগ করা সময়েই পেনাল্টি পায় রহমতগঞ্জ। স্পট কিক থেকে গোল করতে ভুল করেননি চিজোবা। ফলে ২-২ সমতায় শেষ হয় প্রথমার্ধের খেলা।
বিরতির পরও বসুন্ধরাকে চ্যালেঞ্জ ছুড়ে দেয় রহমতগঞ্জ। তবে ৭৬ মিনিটে ইয়াসিন আরাফাত গোল করে স্বস্তি এনে দেন স্বাগতিকদের। লিড ধরে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে কিংস।
