বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (ইডি) পদে পদোন্নতি পেয়েছেন মোহাম্মদ মামুনুল হক। গত ৬ ফেব্রুয়ারি তাকে পদোন্নতি দিয়ে বাংলাদেশ ব্যাংকের সিলেট অফিসে বহাল করা হয়েছে। এর আগে মামুনুল হক প্রধান কার্যালয়ের ব্যাংক পরিদর্শন বিভাগ-৬-এর মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন।
এ বিষয়ে গতকাল মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মামুনুল হক ১৯৯৩ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন। তিনি বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম অফিসের প্রশাসন, বৈদেশিক মুদ্রনীতি ও ব্যাংক পরিদর্শন বিভাগে এবং প্রধান কার্যালয়ের অফসাইট সুপারভিশন, ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি অ্যান্ড কাস্টমার সার্ভিসেস ডিপার্টমেন্ট, ব্যাংক পরিদর্শন বিভাগ-৪ ও ব্যাংক পরিদর্শন বিভাগ-৬-এ মহাব্যবস্থাপকসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।
মামুনুল হক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বনবিদ্যা বিভাগ থেকে প্রথম শ্রেণিতে বিএসসি (সম্মান) এবং বিআইবিএম থেকে প্রথম ব্যাচে এমবিএম ডিগ্রি অর্জন করেন।
