আবাহনী-মোহামেডান ম্যাচ আজ সিলেটে

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২২, ০৫:১০ এএম

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে পুরোদমে চলছে সংস্কারকাজ। তাই বাধ্য হয়েই সিলেট জেলা স্টেডিয়ামকে হোম ভেন্যু বানিয়েছে ছয়বারের লিগ চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড। আজ সেখানেই চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানের মুখোমুখি তারা। ফুটবল পেশাদার যুগে পা রাখার পর থেকেই শুরু দুই দলের দুই লক্ষ্যে যাত্রা। লিগের ১২ আসরের ছয়টি জিতে নিয়েছে আবাহনী। অন্যদিকে একটিবারও শিরোপার স্বাদ নেওয়া হয়নি মোহামেডানের। পেশাদারি মোকাবেলায় এ পর্যন্ত দুই দল খেলেছে ২৬টি ম্যাচ। আবাহনী জিতেছে ১১টিতে। মোহামেডানের জয় ৫ ম্যাচে। বাকি ১০টি সাক্ষাৎ শেষ হয়েছে ড্রয়ে। যার শেষ দুটি গত মৌসুমে। প্রথম লেগে ২-২ অমীমাংসিত থাকার পর ফিরতি দেখায় শেষ হয় ১-১ ড্রয়ে।

আবাহনীর পর্তুগিজ কোচ মারিও লেমসকে আজ দল সাজাতে হচ্ছে পরীক্ষিত স্ট্রাইকার ডরিয়েলটন গোমেজকে ছাড়া। গত ম্যাচে এই ব্রাজিলিয়ান চোট পেয়ে মাঠ ছাড়েন। তবে একটা সুসংবাদও আছে তার জন্য। চোট কাটিয়ে আজ খেলতে প্রস্তুত ব্রাজিলিয়ান প্লে-মেকার রাফায়েল আগুস্তো। ‘সবাই জানে এটা ডার্বি ম্যাচ। এ রকম ম্যাচে আমি সবসময়ই জয়ের ব্যাপারে আশাবাদী। তবে আমরা জানি জয় কখনই সহজে আসে না। মানছি ডরিয়েলটনের না থাকাটা বড় ক্ষতি। তবে বাকিরা তার শূন্যতা পূরণে প্রস্তুত’ বলেছেন আবাহনীর কোচ মারিও লেমস। মোহামেডানের ইংলিশ কোচ শন লেনও দিচ্ছেন ভালো একটা লড়াইয়ের প্রতিশ্রুতি, ‘আবাহনীর মতো আমরাও ভালো ফর্মে আছি। ম্যাচটা না জেতার কোনো কারণ দেখছি না।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত