ভক্তদের কারণেই আমি অপু বিশ্বাস

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২২, ০৫:৫৫ এএম

সম্প্রতি মুক্তি পেয়েছে অপু বিশ্বাস অভিনীত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’। এই সিনেমা ও অন্যান্য বিষয় নিয়ে তিনি কথা বললেন দেশ রূপান্তরের সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন সুদীপ্ত।

এই মুহূর্তে...

এই মুহূতে আমি আগরতলায় আছি। এখানে বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে অংশ নিতে এসেছি। এখানে আমার সঙ্গে আছেন নায়ক ফেরদৌস, কণ্ঠশিল্পী মমতাজসহ আরও অনেকে। এখানে এসে খুব ভালো লাগছে।

সাড়া...

গত ১১ ফেব্রুয়ারি দেবাশীষ বিশ্বাস দা’র পরিচালিত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ মুক্তি পেয়েছে। প্রচুর প্রশংসা পাচ্ছি। করোনার মধ্যেও এত দর্শক হবে সেটা ভাবিনি। দর্শকদের কাছ থেকে বেশ ভালো সাড়া পাচ্ছি।

প্রচারণা...

হঠাৎ করে পশ্চিমবঙ্গে যেতে হয়েছিল, সে কারণে সিনেমার প্রচারে অংশ নিতে পারিনি। আমার কাছে কমিটমেন্ট সব সময়ই অনেক বড় বিষয়। ভারতের একটি শোতে অংশ নেওয়ার জন্য আমি দুই মাস আগে সময় দিয়েছিলাম। তবে শেষ দিকে এসে সিনেমাটি মুক্তির তারিখ চূড়ান্ত হওয়ায় দেশে থাকা সম্ভব হয়নি আমার। এজন্য আমি সবার কাছে ক্ষমাও চেয়েছি।

প্রেমপ্রীতির বন্ধন...

সোলায়মান আলী লেবুর ‘প্রেমপ্রীতির বন্ধন’ ছবির কাজ প্রায় শেষের দিকে। এই ছবির শ্যুটিং করতে গিয়ে নানা ধরনের মজার অভিজ্ঞতা হয়েছে। শীতের দিনে কাদা মেখে শ্যুটিং করতে হয়েছে। পাবনায় গান ও অ্যাকশন দৃশ্যের শ্যুটিং করার কথা ছিল, শ্যুটিংয়ের খবর ছড়িয়ে পড়লে আশপাশের এলাকার মানুষজন আমাদের দেখতে ভিড় জমান। শেষে পরিচালক শ্যুটিং বন্ধ করে দিতে বাধ্য হন। শ্যুটিং রেখেই আমরা ঢাকায় ফিরে আসি। পর্যাপ্ত পুলিশি সহায়তা ও নিরাপত্তার ব্যবস্থা থাকা সত্ত্বেও শ্যুটিংয়ের পরিবেশ না থাকায় ক্যামেরা ক্লোজ করতে হয়েছে। আমাকে  একনজর দেখার জন্য পুরো শ্যুটিং ইউনিট ঘিরে ফেলে স্থানীয়রা। এতে স্বাভাবিকভাবে কাজ করা বিঘœ হয়ে পড়ে।

ভক্তদের ভালোবাসা...

পাবনার ঘটনার মতো এরকম আরও অসংখ্য ঘটনা ঘটেছে। এসব নিয়ে আমি কখনো বিরক্ত হই না। আজ আমি অপু বিশ্বাস হয়েছি ভক্তদের কারণে। তাদের ভালোবাসা পেয়েই আজ আমি অপু বিশ্বাস। এটা আমার জন্য অনেক বড় পাওয়া। সবার ভালোবাসা নিয়ে যেন সারা জীবনে বেঁচে থাকতে পারি এই প্রত্যাশা।’

গুঞ্জন...

আমাকে নিয়ে নানা সময়েই নানা গুঞ্জন ছড়িয়েছে। আমি কার সঙ্গে কোথায় একটু গেলাম, কিংবা এক কাপ কফি খেলাম সেটি নিয়ে খবর প্রকাশ কিংবা আলোচনা হলে ভালো লাগে না। কারণ এসব ঘোরাঘুরির পেছনে কোনো কারণ নেই। আমি বরাবরই বলেছি, এখনই আমি নতুন সম্পর্কে জড়ানোর মতো মানসিক অবস্থায় নেই। যদি কোনো সম্পর্ক গড়ি অবশ্যই সবাইকে জানিয়ে করব।’

ছায়াবৃক্ষ...

বন্ধন বিশ্বাসের ছায়াবৃক্ষ ছবির কাজ শেষ করেছি অনেক আগেই। এখানে চা বাগানের শ্রমিক তুলি চরিত্রে অভিনয় করেছি। গল্পটা সুন্দর। আমি সব সময় ভালো কাজের জন্য অপেক্ষা করেছি। এই ধরনের চরিত্রে দর্শক আগে কখনো আমাকে দেখেনি। মূলত চা বাগানের শ্রমিকদের সুখ, দুঃখ, হাসি-কান্না ও সার্বিক দিনযাপন নিয়ে ‘ছায়াবৃক্ষ’ ছবির গল্প।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত