এশিয়ান কাপ বাছাইয়ে ‘ই’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। গ্রুপে বাংলাদেশের অন্য তিন সঙ্গী— বাহরাইন, তুর্কমিনিস্তান ও মালয়েশিয়া।
আগামী জুনে মালয়েশিয়ায় অনুষ্ঠিত হবে ‘ই’ গ্রুপের বাছাইপর্ব। গ্রুপ পর্বে বাংলাদেশের প্রথম ম্যাচ বাহরাইনের বিপক্ষে, ৮ জুন।
এরপর ১১ ও ১৪ জুন যথাক্রমে তুর্কমেনিস্তান ও মালয়েশিয়ার বিপক্ষে খেলবে লাল-সবুজরা। করোনা ভাইরাসের ঝুঁকির কথা মাথায় রেখে সব ম্যাচ হবে একই ভেন্যুতে।
গ্রুপের তিন পক্ষই ফিফা র্যাঙ্কিংয়ে বেশ এগিয়ে বাংলাদেশের চেয়ে। জামাল ভূঁইয়ারা আছে ১৮৬তম স্থানে। প্রতিপক্ষ বাহরাইনের অবস্থান ৮৯, তুর্কমেনিস্তান ১৩৪ ও মালয়েশিয়া ১৫৪।
আগামী বছর চীনে অনুষ্ঠিত হবে এশিয়ান কাপ। এই আসরে অংশ নেবে ২৪টি দেশ। বর্তমানে বিশ্বকাপ বাছাইপর্ব খেলতে থাকা ১২টি দেশ সরাসরি এশিয়ান কাপে জায়গা করে নেবে।। বাকি ১২ দলের মধ্যে ১১টি যাবে জুনের বাছাইপর্ব পার হয়ে।
৪টি করে দল খেলবে ৬ গ্রুপে ভাগ হয়ে। প্রত্যেক গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা ৫ রানার্স-আপ দল পাবে এশিয়ান কাপের টিকিট। বাকি দলটি কাতার। যারা বিশ্বকাপ বাছাইপর্ব ও এশিয়ান কাপের যৌথ বাছাইপর্ব থেকে এশিয়ান কাপ নিশ্চিত করে ফেলেছে।
