এবারের বোরো মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে ১৮ লাখ টন ধান ও চাল কিনবে সরকার। প্রতি কেজি বোরো ধানের সংগ্রহ মূল্য নির্ধারণ করা হয়েছে ২৭ টাকা, সিদ্ধ চাল ৪০ টাকা ও আতপ চাল ৩৯ টাকা। এ দরে ৬ লাখ ৫০ হাজার টন ধান, ১১ লাখ টন সিদ্ধ চাল ও ৫০ হাজার টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের সভাপতিত্বে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত হয়। খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আগামী ২৮ এপ্রিল থেকে ধান-চাল কেনা শুরু হবে, চলবে ৩১ আগস্ট পর্যন্ত। গত বছরও ধান ও চালের সংগ্রহ মূল্য একই ছিল।
সভায় খাদ্যমন্ত্রী বলেন, দেশের বাজারে মোটা চালের দাম বাড়েনি। গত কয়েক সপ্তাহ ধরে দাম কমতির দিকে। মোটা চালের অধিকাংশ মানুষের ভোগবহির্ভূত কাজে চলে যাওয়ায় ও মানুষের খাদ্যাভ্যাস পরিবর্তনের কারণে সরু চালের ওপর নির্ভরতা বেড়েছে। এ কারণে সরু চালের দাম কিছুটা বেড়েছে বলে মন্তব্য করেন খাদ্যমন্ত্রী।
বৈঠকে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেন, কৃষি উৎপাদন বাড়াতে এরই মধ্যে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে। নতুন উদ্ভাবিত দুটি জাত ব্রি-৮৯ ও ব্রি-৯২ বোরো ধানের উৎপাদন সম্প্রসারণ করা হচ্ছে। এ প্রজাতির উৎপাদন বেশি হবে ও চালও সরু হবে। এছাড়াও খাদ্য উৎপাদন বাড়াতে উচ্চফলনশীল ধানের চাষ বাড়ানো হচ্ছে।
সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান, অর্থ বিভাগের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদার, খাদ্য সচিব নাজমানারা খানুম অংশ নেন।
