ঢাকায় শুরু ১৩০ দেশের চলচ্চিত্র উৎসব

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২২, ০১:৪৩ এএম

‘মুক্ত চলচ্চিত্র, মুক্ত প্রকাশ’ এই সেøাগান নিয়ে আজ শুক্রবার থেকে শুরু হতে যাচ্ছে ১৬তম আন্তর্জাতিক ‘স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব ২০২২’। গত বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে উৎসবের আয়োজক বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম।

আয়োজকরা জানান, উৎসবে বাংলাদেশসহ ১৩০টি দেশের ৪১৪টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। এর মধ্যে রয়েছে সাম্প্রতিক সময়ে কান, বার্লিন, অকার, সানড্যান্স, লোকার্নো ও বুসান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত ৬০টিরও বেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। উৎসবের অন্যান্য আয়োজনের মধ্যে থাকছে বাংলাদেশ প্যানোরমা, আলমগীর কবির মেমোরিয়াল লেকচার, জাতীয় চলচ্চিত্র সংলাপ, আজীবন সম্মাননা প্রদান, ভারতীয় চলচ্চিত্রকার আর ভি রামানির রেট্রোস্পেক্টিভ এবং মাস্টারক্লাস, সেমিনার, বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে বিশেষ প্রামাণ্যচিত্র অধিবেশন। প্রতিবারের মতো এবারের উৎসবেও প্রদর্শিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রসমূহের মধ্যে শ্রেষ্ঠ চলচ্চিত্রগুলোকে তিনটি পুরস্কার প্রদান করা হবে।

আজ বিকেল সাড়ে ৪টায় উৎসব উদ্বোধন করবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ। উৎসবের মূল ভেন্যু শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যশালা মিলনায়তন ও চিত্রশালা মিলনায়তন। প্রতিদিন বেলা ১১টা, দুপুর ৩টা, বিকেল ৫টা ও সন্ধ্যা ৭টায় ৪টি করে চলচ্চিত্র প্রদর্শিত হবে। জাতীয় জাদুঘর এবং বাংলাদেশ ফিল্ম আর্কাইভেও উৎসবের চলচ্চিত্র প্রদর্শিত হবে। এছাড়া হীরালাল সেন আজীবন সম্মাননা পুরস্কার দেওয়া হবে চলচ্চিত্র নির্মাতা তানভীর মোকাম্মেল ও মানযারে হাসীন মুরাদকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত