মাদারীপুরের কালকিনিতে গেটের তালা ভেঙে ঘরে ঢুকে এক এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার নাম জহিরুল ইসলাম (১৬)। গতকাল বৃহস্পতিবার সকালে পূর্ব এনায়েতনগর ইউনিয়নের মহরুদ্দির চর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জহিরুল ইসলাম একই এলাকার কাতার প্রবাসী কালাম সরদারের ছেলে। স্থানীয় সমিতির হাট মাধ্যমিক উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল তার।
পুলিশ ও মহরুদ্দির চর গ্রামের বাসিন্দারা জানায়, নিহত জহিরুল ইসলাম কাতার প্রবাসী কালাম সরদারের মেজ ছেলে। সে এলাকায় শান্ত ও ভদ্র ছেলে হিসেবে পরিচিত ছিল। প্রতিদিনের মতো বুধবার রাতের খাবার খেয়ে জহিরুল নিজ কক্ষে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে ছেলের কক্ষের দরজা খোলা ও বাড়ির প্রধান ফটকের তালা ভাঙা দেখতে পান মা কহিনূর বেগম। তখন তিনি ছেলের কক্ষে গিয়ে তাকে কম্বল মোড়ানো ও চারপাশে রক্ত দেখতে পেয়ে চিৎকার দেন। তার চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে কম্বল সরিয়ে জহিরুলের গলা ও শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর চিহ্ন দেখতে পান।
ছেলের মরদেহ উদ্ধারের বর্ণনা দিতে গিয়ে বিলাপ করতে করতে কহিনূর বেগম বলেন, ‘আমার দুই ছেলে ও এক মেয়ে। এক ছেলে ঢাকায় চাকরি করে, আর জহিরুল স্কুলে পড়ে। জহিরুল আলাদা কক্ষে থাকত। আমি ও আমার ছোট মেয়ে এক কক্ষে থাকি। সকালে উঠে দেখি আমার ছেলেকে কারা যেন কুপিয়ে হত্যা করে কম্বল দিয়ে ঢেকে রেখেছে।’
জমি নিয়ে প্রতিবেশীর সঙ্গে বিরোধের জেরে তারা তার ছেলেকে হত্যা করে থাকতে পারে বলে ধারণা করছেন কহিনূর।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ওয়াসিম ফিরোজ দেশ রূপান্তরকে বলেন, ‘এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যার খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
