মাসে ২০ হাজার ডলারে লবিস্ট নিয়োগ বাংলাদেশের

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২২, ০২:০১ এএম

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কোন্নয়নে ‘নেলসন মুলিন্স’ নামে একটি প্রতিষ্ঠানকে ‘লবিস্ট’ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ। প্রতি মাসে ২০ হাজার ডলারে প্রতিষ্ঠানটির সঙ্গে এক বছরের চুক্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এ কথা জানান।

শাহরিয়ার আলম বলেন, ‘আশা করি, প্রতিষ্ঠানটি দুই দেশের সম্পর্ক গভীর ও বেগবান করতে সহায়তা করবে।’ তিনি আরও বলেন, ‘আমাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র সচিব পর্যায়ের ও একটি বাণিজ্যবিষয়ক বৈঠকের তারিখ নির্ধারিত হয়েছে। সেই বৈঠকে আলোচনা হবে।

গত ১০ ডিসেম্বর থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য কাজ শুরু হয়েছে জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘গভর্নমেন্ট টু গভর্নমেন্ট রিলেশন মেইনটেন করার জন্য নেলসন মুলিন্স নামে একটি সংস্থাকে নিয়োগ দিয়েছি আমরা।’

প্রতিষ্ঠানটির কাজ সম্পর্কে শাহরিয়ার আলম বলেন, ‘মার্কিন প্রশাসন একটা বড় জায়গা। আমাদের এখানে যেমন বিদেশ থেকে কেউ এলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কথা বললেই হয়, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসনের স্ট্রাকচার অন্যরকম। দূতাবাসের ৪-৫ জন কূটনীতিক দিয়ে এটা মেইনটেন করা যায় না। তাই গভর্নমেন্ট টু গভর্নমেন্ট রিলেশন আরও শক্তিশালী করতে, যোগাযোগের জায়গাগুলো বের করতে এই প্রতিষ্ঠান কাজ করবে।’

এ প্রতিষ্ঠানটি আইনি সহায়তা দেবে না জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘এই প্রতিষ্ঠানটি বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরবে এবং বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালানোর তথ্য জানাবে। পাশাপাশি এসব অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সহায়তা করবে।’

বিজিআরকে (ওয়াশিংটনভিত্তিক লবিস্ট প্রতিষ্ঠান) বাদ দেওয়া হয়েছে কি-না, এ প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘বিজিআরকে বাদ দেওয়া হয়নি।’

বাংলাদেশ যুক্তরাষ্ট্রের চাপে আছে কি না, এ প্রশ্নের জবাবে শাহরিয়ার আলম বলেন, ‘নট অ্যাট অল। বাংলাদেশ সম্পর্কে ভুল ধারণা ও বাংলাদেশবিরোধী অপপ্রচার বন্ধ করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত