নতুন ফরম্যাটে আইপিএল শুরু ২৬ মার্চ

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২২, ০৮:৫৫ পিএম

চূড়ান্ত হলো ২০২২ সালের আইপিএল শুরুর দিনক্ষণ। ২৬ মার্চ থেকে শুরু হবে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক জনপ্রিয় এই টি-টোয়েন্টি আসর। ফাইনাল হবে ২৯ মে।

দল সংখ্যা বাড়ায় এবার ফরম্যাটে বদল এসেছে। ২০১১ সালের ন্যায় এবার টুর্নামেন্টে দশটি দল অংশ নিচ্ছে।

দলগুলো দুই গ্রুপে ভাগ হয়ে লিগ পর্ব খেলবে। ‘এ’ গ্রুপে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স, কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও লক্ষ্ণৌ সুপার জায়ান্টস।

‘বি’ গ্রুপে রয়েছে চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দারাবাদ, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, পাঞ্জাব কিংস ও গুজরাট টাইটানস।

নতুন ফরম্যাটে একই গ্রুপে থাকা দলগুলো একে অপরের সঙ্গে খেলবে দুটি করে ম্যাচ। অন্য গ্রুপে একই সারিতে থাকা দলের সঙ্গেও হবে দুটি ম্যাচ। তবে ভিন্ন গ্রুপের বাকি দলগুলোর সঙ্গে হবে একটি করে ম্যাচ। এ পদ্ধতিতে প্রতিটি দলই গ্রুপ পর্বে খেলবে ১৪টি করে ম্যাচ।

টুর্নামেন্টে লিগ পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে দুই ভেন্যুর চার স্টেডিয়াম- মুম্বাইয়ের ওয়াংখেড়ে, ব্রাবোর্ন ও ডিওয়াই পাতিল স্টেডিয়ামে এবং পুণের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে।

টুর্নামেন্টে মোট ৭০টি লিগ ম্যাচ আয়োজিত হবে। ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলা হবে ২০টি লিগ ম্যাচ, ব্রাবোর্ন স্টেডিয়ামে খেলা হবে ১৫টি লিগ ম্যাচ, ডিওয়াই পাতিল স্টেডিয়ামে খেলা হবে ২০টি লিগ ম্যাচ এবং পুণেতে খেলা হবে ১৫টি লিগ ম্যাচ।

আইপিএল নকআউট পর্ব কোথায় হবে তা পরে জানানো হবে বলে জানিয়েছেন টুর্নামেন্টের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত