শরীর সুস্থ রাখতে প্রয়োজনীয় ঘুম জরুরি। একজন সুস্থ মানুষের রাতে অন্তত ৮ ঘণ্টার নিরবচ্ছিন্ন ঘুম দরকার। তবে জীবনযাত্রায় অনিয়ম, ক্লান্তিসহ নানা কারণে পর্যাপ্ত ঘুম হয় না অনেকের। যারা রাতে অনিদ্রার সমস্যায় ভোগেন, তারা কয়েকটি উপায় মেনে চললে সহজেই ঘুম আসবে। জেনে রাখুন কিছু উপায়
ঘুমের পরিবেশ
অতিরিক্ত শব্দ, আলো বা মাত্রাতিরিক্ত গরম ও ঠান্ডা ঘুমের ব্যাঘাত ঘটায়। তাই ঘুমাতে যাওয়ার আগে এই দিকগুলো দেখে নিন।
মানসিক চাপ
দুশ্চিন্তা, বিষণ্নতা, মানসিক আঘাত-পরবর্তী পরিস্থিতিতে অনেকেই অনিদ্রায় ভোগেন। এজন্য ঘুমানোর আগে যতটা সম্ভব মাথা ঠান্ডা রাখার চেষ্টা করুন।
রাতের খাবার
ঘুমাতে যাওয়ার অন্তত দুই ঘণ্টা আগে রাতের খাবার খেয়ে নিন। এর পর খিদে পেলে এক গ্লাস দুধ খেতে পারেন। ঘুমের আগে হালকা গরম জলে স্নান, বই পড়া, হালকা গান শোনা ও মেডিটেশন সাহায্য করবে।
নিয়ম মেনে শোয়া
চেষ্টা করুন প্রতিদিন একই সময়ে ঘুমোতে এবং একই সময়ে ঘুম থেকে উঠতে। ঘুমের নিয়মে পরিবর্তন মস্তিষ্কে মেলাটোনিন হরমোন নিঃসরণে ব্যাঘাত সৃষ্টি করে।
বদভ্যাস থেকে দূরে থাকুন
সন্ধ্যার পর ধূমপান, অতিরিক্ত ক্যাফেইন বা অ্যালকোহল পান না করাই ভালো। এতে রাতে ঘুমের ব্যাঘাত ঘটবে। ঘুম আসতে সময় নেবে।
মস্তিষ্কের বিশ্রাম
ঘুমের অন্তত ২ ঘণ্টা আগে টিভি দেখা, ভিডিও গেমস খেলা, মোবাইল ফোনের ব্যবহার বন্ধ করে মস্তিষ্ককে বিশ্রাম দিন। এতে সহজেই ঘুম আসবে।
