‘আন্তর্জাতিক বাজারে দ্রব্যমূল্য বাড়লে দেশেও বাড়বে’

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২২, ০২:৩৩ এএম

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ইউক্রেন সংকটের কারণে আন্তর্জাতিক বাজারে দ্রব্যমূল্য বাড়লে দেশেও বাড়বে। তবে সরকার আসন্ন রমজানে ভর্তুকির মাধ্যমে ১ কোটি মানুষকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সরবরাহ করবে। এছাড়া সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দরে পণ্য বিক্রি করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসন ও ভোক্তা অধিকার অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে।

গতকাল শুক্রবার বিকেলে সিরাজগঞ্জ সরকারি ইসলামিয়া কলেজ মাঠে আয়োজিত মাসব্যাপী এসএমই শিল্প ও বাণিজ্যমেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে মণিপুরি তাঁত শিল্প ও জামদানি বেনারসি কল্যাণ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় এ মেলার আয়োজন করা হয়েছে।

সিরাজগঞ্জ চেম্বারের সভাপতি আলহাজ আবু ইউসুফ সূর্যের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআই প্রেসিডেন্ট মো. জসিম উদ্দিন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত মুন্না, সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য তানভীর ইমাম, সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আব্দুল মমিন মণ্ডল, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কে এম হোসেন আলী হাসান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার।

মাসব্যাপী এ মেলায় হস্ত ও কুটির শিল্পজাত বিভিন্ন পণ্যসামগ্রী, পাট ও পাটজাত পণ্য, পাটের তৈরি জুতা, পরিবেশবান্ধব চুলা, বিকল্প জ্বালানি, ঘরের অভ্যন্তরীণ সাজসজ্জাসামগ্রী, পরিবেশবান্ধব ইট, নার্সারি পণ্য, প্রক্রিয়াজাতকৃত খাদ্যসামগ্রী, প্রসাধনী, বুটিক-বাটিকসহ বিভিন্ন দেশীয় পণ্যের ১০০টি স্টল স্থান পেয়েছে। অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত