বাংলাদেশসহ বিভিন্ন দেশের চলচ্চিত্র নিয়ে ১৮ থেকে ২৩ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে পঞ্চম টরন্টো মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যাল। ইতিমধ্যে ১০২টি দেশ থেকে ১২৯৮টি চলচ্চিত্র জমা পড়েছে।
ছয় দিনের এই উৎসবে সিনেপ্লেক্স ও ফক্স থিয়েটারের মতো টরন্টোর মূলধারার প্রেক্ষাগৃহ, টরন্টো মাল্টিকালচারাল ফিল্ম সেন্টার এবং অনলাইনে বিশ্বের বিভিন্ন দেশের স্বল্পদৈর্ঘ্য, পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্র ও প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে।
কানাডার স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় টরন্টো ফিল্ম ফোরামের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এবারের উৎসবের বিস্তারিত ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন টরন্টো ফিল্ম ফোরামের সাধারণ সম্পাদক মনিস রফিক, প্রশ্নের উত্তর দেন সভাপতি এনায়েত করিম বাবুল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফোরামের সহসভাপতি আমিনুল ইসলাম খোকন, সহসাধারণ সম্পাদক ফয়েজ নূর ময়না, সাংগঠনিক সম্পাদক জগলুল আজিম রানা, ফিল্ম স্ক্রিনিং সম্পাদক রেজিনা রহমান, শহিদুল আলম টুকু, সোলায়মান তালুত, বিদ্যুৎ সরকার, অপু রোজারিও, গৌতম সরকার, শারমীন শরীফ, গোপা চৌধুরী, শিখা রউফ প্রমূখ।
কানাডায় বসবাসরত বাংলাদেশি চলচ্চিত্রসেবী ও নির্মাতাদের সংগঠন ‘টরন্টো ফিল্ম ফোরাম’ ২০১৭ সাল থেকে এ উৎসব আয়োজন করে আসছে। যা ইতিমধ্যে মূলধারার মনোযোগ আকর্ষণ করেছে। কানাডার মূলধারার সংগঠন অন্টারিও আর্ট কাউন্সিল এবারের ফেস্টিভ্যালে অংশীদার হিসেবে অংশ নিচ্ছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের চলচ্চিত্র উৎসব দর্শকদের উপস্থিতিতে প্রেক্ষাগৃহে এবং অনলাইনে চলচ্চিত্র প্রদর্শিত হবে। ১৮ জুলাই উদ্বোধনী অনুষ্ঠান হবে এগলিন্টন অ্যাভিনিউর সিনে কমপ্রেক্সে এবং সমাপনী উৎসব হবে কুইন্স অ্যাভিনিউ ইস্টের ফক্স থিয়েটারে। অন্যান্য দিন ৩০০০ ডেনফোর্থে টরন্টো ফিল্ম ফোরামের মাল্টি কালচারাল স্ক্রিনিং সেন্টারে চলচ্চিত্র প্রদর্শনী, সেমিনার, কর্মশালা অনুষ্ঠিত হবে।
উৎসবটি সবার জন্য উন্মুক্ত থাকবে। তবে মূলধারার প্রেক্ষাগৃহে চলচ্চিত্র দেখার জন্য নাম নিবন্ধন করতে হবে অথবা ফিল্ম ফোরামের অফিস থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।
এবার সিংহভাগ চলচ্চিত্র থাকবে কানাডার অন্টারিও প্রভিন্সের চলচ্চিত্র নির্মাতাদের। নানা ভাষা, সংস্কৃতি, লিঙ্গ বৈচিত্র্য, নতুন অভিবাসী ও আদিবাসী নির্মাতাদের চলচ্চিত্রকে বিশেষ প্রাধান্য দেওয়া হবে।
এক প্রশ্নের জবাবে ফিল্ম ফোরামের সভাপতি এনায়েত করিম বাবুল জানান, উৎসবে প্রদর্শনের জন্য বিভিন্ন দেশের নির্মাতাদের কাছে চলচ্চিত্র আহ্বান করা হয়েছে। ৩ জুন পর্যন্ত [email protected] মেইল অথবা https://filmfreeway.com লিংকের মাধ্যমে চলচ্চিত্র জমা দেওয়ার আহ্বান জানান তিনি। বাছাই কমিটির মনোনীত চলচ্চিত্রগুলোই ফেস্টিভ্যালে প্রদর্শিত হবে।
