সরকারের সিন্ডিকেটের দুর্নীতি আর বিদেশে অর্থপাচারের কারণেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ এবং উপজেলা পর্যায়ে টিসিবি’র পণ্য বিক্রির দাবিতে শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
ড. মোশাররফ বলেছেন, ‘সরকারের সিন্ডিকেটের দুর্নীতির কারণে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়েছে। সিন্ডিকেটের সদস্যরা প্রতি বছর বিদেশে ১০০ হাজার কোটি টাকা পাচার করছে।’
সমাবেশে স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘নিত্যপণ্যের দাম কমাতে হলে আমাদেরকে গোড়ায় যেতে হবে। সেই গোড়াটা কোথায়? ভোট চোরদের ধরতে হবে। ভোট চোরের সহযোগীদের ধরতে হবে।’
তিনি বলেন, ‘ভোট চোরদের ধরতে না পারলে, ভোট চুরির সরঞ্জাম ইভিএম বাজেয়াপ্ত না করতে পারলে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমবে না। তারা অব্যাহতভাবে লুটপাট করতে থাকবে এবং ফুলে-ফেঁপে বড় হবে আর এর শিকার হবে বাংলাদেশের জনগণ।’
সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘মার্কিন নিষেধাজ্ঞা তোলার জন্য সরকার মাসে ২০ লাখ ডলার খরচ করে লবিস্ট নিয়োগ করেছে। জনগণের করের টাকা থেকে লবিস্টের টাকা দেওয়া হবে। কেন লবিস্ট নিয়োগ করেছেন? ধর্মের কল বাতাসে নড়ে। আজকে চতুর্দিকে সরকারের নড়বড়ে অবস্থা।’
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে আয়োজিত সমাবেশ শুরু হওয়ার কথা ছিল দুপুর ২টায়। কিন্তু বেলা সাড়ে ১১টা থেকেই মহানগরের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে শুরু করেন। এ সময় পুলিশ সদস্যদের সতর্ক অবস্থান নিতে দেখা যায়।
