বুক বিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন পাওয়া জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আজ রবিবার থেকে আবেদন গ্রহণ শুরু হবে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিটির আইপিওতে ২৭ ফেব্রুয়ারি থেকে টানা ৩ মার্চ পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে।
এর আগে গত ৯ জানুয়ারি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের নিলামে কোম্পানিটির শেয়ারের প্রান্ত-সীমা মূল্য (কাট-অফ প্রাইস) ২৫ টাকা নির্ধারণ করা হয়। রেকর্ড কম সময়ে কোম্পানির শেয়ারের নিলাম শেষ হয়। আইপিওতে প্রান্ত-সীমা মূল্য থেকে ২০ শতাংশ ডিসকাউন্টে কোম্পানিটির প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ২০ টাকায়।
কোম্পানিটি পুঁজিবাজার থেকে ৭৫ কোটি টাকা সংগ্রহ করবে, যা দিয়ে জমি ক্রয়, ভবন তৈরি, মেশিনারিজ ক্রয়, ঋণ পরিশোধ ইত্যাদি কাজে ব্যবহার করবে।
কোম্পানিটির ২০২০ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী বিগত পাঁচ বছরের ভারিত গড় হারে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৪২ পয়সা।
