সমাবেশে ফখরুল

লুটপাটের জন্য গণপেনশনের ব্যবস্থা হচ্ছে

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২২, ০২:১৪ এএম

আওয়ামী লীগ লুটেরা দলে পরিণত হয়েছে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেছেন, ‘ক্ষমতায় টিকে থাকতে দেশের সকল জায়গায় সরকার লুটপাট করছে। লুটপাট করে বিদেশে টাকা পাচার করছে। তারা এখন লুটপাটের জন্য গণপেনশন (সর্বজনীন পেনশন) ব্যবস্থা চালু করছে।’

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ এবং উপজেলা পর্যায়ে রাষ্ট্রায়ত্ত বিপণন প্রতিষ্ঠান বাংলাদেশ ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রির দাবিতে আয়োজিত সমাবেশে বিএনপি মহাসচিব এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘করোনা টিকা নিয়ে সরকার প্রথম থেকে দুর্নীতি করছে। আবারও দুর্নীতির দ্বার উন্মোচনে গণপেনশনের প্রস্তাব দিয়েছে। মানুষ আওয়ামী লীগকে তাদের সবচেয়ে বড় শত্রু মনে করছে। আজকে সরকার নিজে এবং সমস্ত প্রশাসন যন্ত্রকে দুর্নীতির আখড়া বানিয়ে ফেলেছে।’

সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘সরকারের সিন্ডিকেটের দুর্নীতির কারণে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়েছে। সিন্ডিকেটের সদস্যরা প্রতি বছর বিদেশে ১০০ হাজার কোটি টাকা পাচার করছে।’

দলের স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘আপনারা অন্যায়ভাবে ক্ষমতা দখল করে আছেন। দেশের জনগণ জেগে উঠেছে, আপনাদের যাবার সময় হয়ে গেছে। নির্বাচন কমিশন করে কোনো লাভ হবে না। ওই সমস্ত ভুয়া নির্বাচনে বিএনপি যাবেও না, করতেও দেবে না।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত