বৈষম্যের উন্নয়নে গরিবের লাভ নেই : ন্যাপ

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২২, ০২:১৯ এএম

বৈষম্য দূর করতে না পারলে উন্নয়নের জোয়ারে গরিব ও সাধারণ মানুষের কল্যাণ হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) নেতারা। তারা বলেন, আজকের রাজনীতি রাজনীতিবিদদের হাতে  নেই। পার্লামেন্টের ৬২ শতাংশ সদস্য হচ্ছেন ব্যবসায়ী।

গতকাল শনিবার ন্যাপের ১১তম জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে দলটির নেতারা আরও বলেন কর্তৃত্ববাদ, জনতুষ্টিবাদ সাময়িকভাবে চমক  দেখাতে পারে বৈকি; কিন্তু সুস্থ রাজনৈতিক ধারা, আদর্শিক রাজনীতির ধারা, সততা, গণতন্ত্রের চর্চা, সমতাভিত্তিক সমাজ গঠন ছাড়া গণমানুষের কল্যাণ হয় না।

তারা বলেন আমরা গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক, শোষণমুক্ত যে বাংলাদেশ চেয়েছিলাম আর আজকের বাংলাদেশ ভিন্ন। একদিকে অসৎ ধনিক-বণিকের বাংলাদেশ; ঘুষখোর দুনীতিবাজ লুটেরাদের বাংলাদেশ। আরেক দিকে সৎ,  দেশপ্রেমিক, সুবিধাবঞ্চিত কৃষক শ্রমিক সাধারণ মানুষের বাংলাদেশ।

জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ন্যাপের প্রবীণ নেতা এনামুল হক বলেন, ‘বর্তমান সমাজের বৈষম্য অবসানে, গরিব-দুঃখী মানুষের কল্যাণে,  দেশের আর্থিক সামাজিক, সাংস্কৃতিক, নৈতিক উন্নয়নে বামেদের কর্মসূচিভিত্তিক আন্দোলন সময়ের দাবি। ন্যাপের ১১তম জাতীয় সম্মেলনের পক্ষ থেকে সব বাম ধারার প্রতি গণমানুষের প্রকৃত মুক্তির লক্ষ্যে ন্যূনতম কর্মসূচির ভিত্তিতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানাচ্ছি।’

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সম্মেলন প্রস্তুতি পরিষদের সদস্য সচিব পরিতোষ দেবনাথ। আরও বক্তব্য রাখেন প্রবীণ নেতা রুহুল আমিন, এম এ ওহাব, মোস্তাকুর রহমান ফুল মিয়া, নাসিমা হক রুবী প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত