ইউক্রেনের নোভা কাখোভকা শহরও রাশিয়ার দখলে

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২২, ০২:১০ পিএম

আগ্রাসনের চতুর্থ দিনে ইউক্রেনের আরও একটি শহর দখলে নিয়েছে রাশিয়ান সেনারা। দেশটির দক্ষিণাঞ্চলীয় ওই শহরটির নাম নোভা কাখোভকা। শহরটি কৌশলগত দিকে থেকে বেশ গুরুত্বপূর্ণ বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বিবিসি আরও জানিয়েছে, ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় এই শহরটি নিউ কাখোভকা নামেও পরিচিত। এই শহরটি ছোট হলেও কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ। কারণ কাখোভকা শহরটি দিনিপার নদীর তীরে অবস্থিত এবং এই নদীটি সরাসরি ক্রিমিয়া উপদ্বীপে পানি পথে পণ্য সরবরাহের সঙ্গে সংশ্লিষ্ট।

কাখোভকা শহরের মেয়র ভলোদিমির কোভালেঙ্কো বলেছেন, রুশ সেনারা কাখোভকা শহরের প্রধান প্রশাসনিক ভবন দখল করার পর সেখান থেকে ইউক্রেনের সকল পতাকা সরিয়ে দিয়েছে।

বিশ্লেষকরা বলছেন, গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া রাশিয়ার সামরিক অভিযানে এখন পর্যন্ত ইউক্রেনের দক্ষিণাঞ্চলে সবচেয়ে বেশি সাফল্য অর্জন করেছে রুশ বাহিনী।

এছাড়া আক্রমণ শুরুর চারদিনের মাথায় রবিবার ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভেও ঢুকে পড়েছে রাশিয়ার সামরিক বাহিনী। রুশ সীমান্তবর্তী পূর্ব ইউক্রেনের এই শহরটিও বেশ গুরুত্বপূর্ণ।

এর আগে গত শুক্রবার রাতে বিনা বাধায় ইউক্রেনের আরেকটি গুরুত্বপূর্ণ শহর মেলিতোপোল দখলে নেয় রুশ সেনারা। শনিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এই তথ্য নিশ্চিত করা হয়। ইউক্রেনের দক্ষিণ-পূর্বের এই শহরটি ক্রিমিয়া ও আজভ সাগরের কাছে অবস্থিত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত