পাকিস্তান সুপার লিগে (পিএসএল) এখন পর্যন্ত শিরোপা জেতা হয়নি লাহোর কালান্দার্সের। আগের ছয় আসরে মাত্র একবার ফাইনাল খেলেছে তারা। ২০২০ সালের সেই আসরে করাচি কিংসের কাছে হেরে রানার্সআপ হয়েছিল। ছয় দলের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই আসরে লাহোরই একমাত্র দল যারা একবারও শিরোপার দেখা পায়নি।
সেই লাহোরই আর কিছুক্ষণ পর পিএসএলের সপ্তম আসরের ফাইনাল খেলতে নামবে। প্রতিপক্ষ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুলতান সুলতানস। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি।
ফাইনালের আগে পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদির ভবিষ্যদ্বাণী, এবার বাজিমাত করবে লাহোর। যে দলের নেতৃত্ব রয়েছেন শাহিন শাহ আফ্রিদি। যার সঙ্গে মেয়েদের বিয়ে ঠিক করে রেখেছেন শহিদ আফ্রিদি।
অর্থাৎ হবু জামাইয়ের হাতেই শিরোপা দেখছেন শহিদ আফ্রিদি। রবিবার বিকেলে ফাইনালের আগে টুইট করেছেন এই অলরাউন্ডার। লিখেছেন, ‘আজ বিস্ময়ের দিন। তাই আমি মনে করি লাহোর কালান্দার্স চমকে দিতে পারে মুলতান সুলতানসকে, যারা চ্যাম্পিয়নের মতো খেলছে।’
চলতি আসরে মুলতান ও লাহোর- দুই দলই দুর্দান্ত খেলছে। তবে তুলনায় এগিয়ে থাকছে মুলতান। শীর্ষে থেকে লিগ পর্ব শেষ করা দলটা সব মিলে ১১ ম্যাচ খেলেছে, হেরেছে মাত্র ১টিতে। কোয়ালিফায়ারে তারা লাহোরকে হারিয়েই ফাইনালে উঠে।
পরে লাহোর এলিমিনেটরে জয়ী হয়ে ফাইনালে সুযোগ করে নেয়। সব মিলে ১২ ম্যাচে ৭টিতে জয় তাদের। তবে লিগ পর্বে মুলতানকে একমাত্র হারের স্বাদটি দিয়েছিল তারাই।
লিগ পর্ব শেষে দুই দল ১-১ সমতা থাকলেও কোয়ালিফাইারের ফলে চলতি আসরে দুই দলের মুখোমুখি লড়াইয়ে ২-১ এ এগিয়ে মুলতান।
এরপরও লাহোর যেহেতু ঘরের মাঠে খেলবে তাই আফ্রিদির বাজি তার হবু জামাইয়ের দলটিই।
টুইট বার্তায় আফ্রিদি লিখেছেন, ‘আমি নিশ্চিত লাহোরের দর্শক আজকের ঐতিহাসিক ফাইনাল উপভোগ করবে। পাকিস্তান সুপার লিগ এখন একটি মেগা ইভেন্ট, ভরা গ্যালারিতে ফাইনাল সত্যিই দুর্দান্ত।’
আফ্রিদি চলতি আসরে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সে ছিলেন। তবে করোনার কারণে শুরুতে খেলতে পারেননি। পরে ইনজুরির কারণে মাত্র তিন ম্যাচ খেলেই নিজেকে সরিয়ে নেন।
