রোহিঙ্গাকে ধরতে ১০ লাখ টাকা পুরস্কার ঘোষণা

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২২, ০১:৪৭ এএম

 

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের বিভিন্ন সীমান্ত এলাকার এক শীর্ষ মাদক চোরাকারবারিকে ধরিয়ে দিতে ১০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া এই রোহিঙ্গা নাগরিক নবী হোসেনকে ধরিয়ে দেওয়ার জন্য সম্প্রতি এই পুরস্কার ঘোষণা করা হয়। ইতিমধ্যে সীমান্তের বিভিন্ন স্থানে তার ছবিসহ পোস্টার লাগানো হয়েছে।

কক্সবাজার-৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হোসাইন কবির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কোনো রোহিঙ্গাকে ধরতে এই প্রথম পুরস্কার ঘোষণা করা হলো।

বিজিবি কর্মকর্তা বলেন, ‘ক্যাম্পকেন্দ্রিক অস্ত্রবাজি, ইয়াবা পাচারের একটি বড় অংশের নিয়ন্ত্রণ নবীর হাতে। ক্রিস্টাল মেথ বা আইস নামের ভয়ংকর মাদক চোরাচালানেও তার দলের সদস্যদের সম্পৃক্ততা বেড়েছে। নবী এখন বিজিবির প্রধান টার্গেট। তার নামে কক্সবাজারের বিভিন্ন থানায় অস্ত্র ও ইয়াবার একাধিক মামলা আছে।’ তিনি বলেন, নবীকে ধরতে পারলেই যে মাদক পাচার বন্ধ করা সম্ভব হবে তা নয়। তবে তার তথ্য থেকে অনেক কিছু জানা সম্ভব। তাই পুরস্কার ঘোষণা করে  পোস্টার লাগানো হয়েছে।’

এক সপ্তাহ ধরে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩৪টি রোহিঙ্গা ক্যাম্প ও এর আশপাশের এলাকায় বিজিবির এই পোস্টার দেখা যাচ্ছে।

রোহিঙ্গা প্রতিরোধ কমিটির সভাপতি মাহবুবুর রহমান বলেন, ‘বাংলাদেশে পুরস্কার   ঘোষণা করার মতো রোহিঙ্গা সন্ত্রাসী তৈরি হয়েছে, এটা আমাদের কাছে অকল্পনীয়। যদি এমন সন্ত্রাসী বাহিনী গড়ে ওঠে তাহলে তাদের দ্রুত দমন করা প্রয়োজন। তবে সবচেয়ে বড় দাবি হচ্ছে রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন করা।’

এ ব্যাপারে উখিয়া থানার ওসি আহমেদ মন্জুর মোরশেদ ফোন না ধরায় তার বক্তব্য পাওয়া যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত