সমুদ্র নগরী কক্সবাজারে হচ্ছে শেখ কামাল আন্তর্জাতিক ক্রীড়া কমপ্লেক্স। দেশে এই প্রথম ৩টি খেলার মাঠ ও একটি পূর্ণাঙ্গ ক্রিকেট প্র্যাকটিস মাঠ নিয়ে তৈরি হচ্ছে আন্তর্জাতিক ক্রীড়া কমপ্লেক্স। এতে ক্রিকেট ছাড়া থাকবে ফুটবল ও ক্রিকেটের মাঠ। প্রফেশনাল অ্যাসোসিয়েটস লিমিটেড কমপ্লেক্সটির নির্মাণ প্রতিষ্ঠান।
এ নিয়ে গতকাল রবিবার দুপুর ১২টায় কক্সবাজারের একটি হোটেলে অংশীজন সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। বিশেষ অতিথি ছিলেন একই মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন।
কক্সবাজার জেলা প্রশাসক মো. মামুনুর রশীদের সভাপতিত্বে শেখ কামাল আন্তর্জাতিক ক্রীড়া কমপ্লেক্স প্রকল্পে ডিপিপি প্রণয়নে অংশীজন সভায় উপস্থিত অনেকেই মতামত দিয়েছেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘কক্সবাজারের মতো সুন্দর ও গুরুত্বপূর্ণ একটি জায়গায় এ ধরনের স্থাপনা আমরা করতে যাচ্ছি। এটি পুরোটাই প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ইচ্ছা এবং আগ্রহের কারণে সম্ভব হয়েছে। এ ছাড়া কক্সবাজারে আধুনিকভাবে ফুটবল স্টেডিয়াম, ইনডোর স্টেডিয়াম হচ্ছে। এ জেলার প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম করার পরিকল্পনাও আমরা হাতে নিয়েছি। প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় রামুতে বিকেএসপিও করা হয়েছে।’
স্থাপত্য প্রতিষ্ঠান প্রফেশনাল অ্যাসোসিয়েটসের ব্যবস্থাপনা পরিচালক মনজুর কাদের হেমায়েত উদ্দিন বলেন, পশ্চিমদিকে ঝাউবনবেষ্টিত সমুদ্রের দিগন্তজুড়ে এটি তৈরি হচ্ছে। ভৌগোলিক অবস্থানের দিক থেকে প্রাকৃতিক স্থাপনার সঙ্গে খাপ খাইয়ে স্টেডিয়ামের ধারণাটি ‘সাম্পান’ নৌকার রূপ হিসেবে তৈরি করা হচ্ছে।
