হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল রবিবার চীন থেকে আসা গার্মেন্টস এক্সেসরিজের কার্টন থেকে ৯৬টি সোনার বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।
গতকাল শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এয়ার ফ্রেইট সার্কেলের উপপরিচালক আহমেদুর রেজা চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রবিবার দুপুর সাড়ে ১২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো ভিলেজের কুরিয়ার ইউনিটের ডেলিভারি গেইট থেকে পণ্য খালাসকালে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এয়ার ফ্রেইট সার্কেলের কর্মকর্তারা পণ্য চালানটি আটক করে। এসব সোনার মোট বাজার মূল্য আনুমানিক ৭ কোটি ৮০ লাখ টাকা।
এদিকে শাহজালালে স্বর্ণ নিতে এসে জুয়েলার্সের এক কর্মচারী আটক হয়েছেন গতকাল দুপুরে ১১টি স্বর্ণের বার ও ৫০০ গ্রাম ওজনের স্বর্ণালংকারসহ তাকে আটক করে আর্মড পুলিশ। নাম নুরুন্নবী (৩০)। তিনি নিজেকে একটি জুয়েলার্সের হিসাবরক্ষক বলে দাবি করেছেন।
এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক জানান, নুরুন্নবী কোনো বিমানযাত্রী ছিলেন না। তিনি ওইসব স্বর্ণ নিতে (খালাস করতে) এসেছিলেন।
এপিবিএন জানায়, নুরুন্নবীর চালচলন সন্দেহজনক হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার কাছ থেকে স্বর্ণের বার ও অলংকার পাওয়া যায়।
