দেশে সব পণ্য সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্যে বিক্রি হলেও সিগারেট ও বিড়ির ক্ষেত্রে তা অনুসরণ করছে না উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। কোম্পানিগুলো খুচরা মূল্যে বিক্রেতাদের কাছে বিক্রি করলেও তারা এর চেয়ে বেশি মূল্যে ক্রেতাদের কাছে সিগারেট বিক্রি করছে। সর্বত্র প্যাকেটের গায়ে উল্লেখিত সর্বোচ্চ খুচরা দামের চেয়ে বেশি দামে সিগারেট বিক্রি হচ্ছে। বিক্রয়মূল্যের ওপর কর আদায় সম্ভব হলে চলতি অর্থবছরেই অন্তত ৫ হাজার কোটি টাকা রাজস্ব আয় হতো। ‘তামাকজাত দ্রব্যের (সিগারেট ও বিড়ি) খুচরা ও পাইকারি বিক্রয়মূল্যে জাতীয় বাজেটে মূল্য ও কর পরিবর্তনের প্রভাব নিরূপণে একটি সমীক্ষা’ শীর্ষক এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনৈতিক গবেষণা ব্যুরো (বিইআর) ও বাংলাদেশ নেটওয়ার্ক ফর টোব্যাকো ট্যাক্স পলিসি (বিএনটিটিপি) যৌথভাবে এ গবেষণা করেছে। গতকাল রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের বিইআর সম্মেলন কক্ষে এ গবেষণার ফল প্রকাশ করা হয়। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. রুমানা হক।
অনুষ্ঠানে বিশেষজ্ঞ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ড. নাসিরুদ্দীন আহমেদ, ভাইটাল স্ট্যাটেজিসের প্রোগ্রাম হেড মো. শফিকুল ইসলাম, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ন্যাশনাল প্রফেশনাল অফিসার ড. সৈয়দ মাহফুজুল হক, দ্য ইউনিয়নের কারিগরি পরামর্শক সৈয়দ মাহবুবুল আলম তাহিন, দ্য ইউনিয়নের টেকনিক্যাল কনসালট্যান্ট মো. হামিদুর রহমান খান প্রমুখ উপস্থিত ছিলেন।
