‘ব্যাক টু ব্যাক’ সেঞ্চুরির স্বপ্ন পূরণ হলো না লিটন দাসের। তিন অঙ্কের ঘর থেকে ১৪ রান দূরে থাকতে মোহাম্মদ নবীর বলে দরকারহীন স্লগ-সুইপ খেলতে গিয়ে গুলবাদিন নাঈবের হাতে বন্দী হন টাইগার ওপেনার।
১১৩ বলে ৭ চারে ৮৬ রান করে সাজঘরে ফিরেছেন লিটন। তবে ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ ফিফটি পাওয়ার পাশাপাশি ৯ম বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৪ হাজার রানের মাইলফলকে পা রেখেছেন তিনি। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ১৩৬ রানের ইনিংস খেলেন ২৭ বছর বয়সী ডানহাতি ব্যাটার।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৯ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৪ রান করেছে বাংলাদেশ। ব্যাটিংয়ে আছেন ওপেনার মাহমুদউল্লাহ (১৫) ও মেহেদি হাসান মিরাজ (২)।
লিটন ফেরার পরপরই বাংলাদেশকে সিরিজের প্রথম ওয়ানডে জেতানোর নায়ক আফিফ হোসেনকে (৫) নিজের দ্বিতীয় শিকার বানান নবী।
ইনিংসের প্রথম উইকেট হিসেবে তামিম ইকবালকে (১১) হারায় বাংলাদেশ। সিরিজে তৃতীয়বারের মতো পেসার ফজলহক ফারুকির বলে আউট হন টাইগার ওপেনার-অধিনায়ক। দলকে তিন অঙ্কের ঘরে পৌঁছে দিয়ে ব্যক্তিগত ৩০ রানে আজমতউল্লাহ ওমরজাইয়ের বলে বোল্ড হন সাকিব।
এরপর মাত্র ৪ রানের ব্যবধানে উইকেটরক্ষক মুশফিকুর রহিম (৭) ও ইয়াসির আলীকে (১) ফিরিয়ে ম্যাচের লাগাম আফগানদের হাতে তুলে দেন রশিদ খান।
সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে আছে টাইগাররা। আজ চট্টগ্রামে আফগানদের হোয়াইটওয়াশ করার লক্ষ্যে মাঠে নেমেছে বাংলাদেশ।
