একুশে বইমেলায় এসেছে সাইফ বরকতুল্লাহর গল্পগ্রন্থ ‘উপদ্রুত ঘাসের ভেতর’, প্রকাশ করেছে অর্জন। বইটির প্রচ্ছদ এঁকেছেন কাব্য কারিম। পাওয়া যাচ্ছে ৩৯৩ নম্বর স্টলে।
লেখক জানান, করোনায় বিধ্বস্ত তরুণদের মন। করোনাকালে জীবনে নতুন ঢেউ লেগেছে। যেন বদলে যাচ্ছে সবকিছু। আজকের পৃথিবী প্রবেশ করেছে এক অদ্ভুত যুগসন্ধিক্ষণে। করোনাকালে আগামী দিন কী হবে? কেমন যাবে সামনে? স্বাভাবিক জীবন কবে ফিরবে, কেউ জানে না। স্নেহ, প্রেম, মায়া-মমতা, সুখ-দুঃখ জড়ানো স্মৃতিরা কীভাবে মানুষের জীবনে সঙ্গী হয়, কীভাবে জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার আধার হয়ে ওঠে, তারই ছায়া ‘উপদ্রুত ঘাসের ভেতর’।
এই সংকলনের প্রতিটি গল্পে রয়েছে বর্তমান সময়ের ব্যক্তিমানুষ ও সমাজের প্রতিফলন। অজস্র টানাপোড়েন সত্ত্বেও কোথায় যেন আমরা সবাই চলমান সময়ের কাছে জানু মুড়ে বসতে বাধ্য। সাইফ বরকতুল্লাহ বলেন, প্রত্যেকটি গল্প আমাদের সবার জীবনেরই অঙ্গ, জীবনের ঘটনাবলির সঙ্গে জড়িয়ে আছে।
বইয়ের নামগল্পটি ‘উপদ্রুত ঘাসের ভেতর’ একেবারেই অভিনব। করোনায় বিধ্বস্ত এক যুবক। এর সঙ্গে সময়ের অসহায়ত্বে দুঃসহ যন্ত্রণা, সবকিছু যেন কুঁড়ে কুঁড়ে খাচ্ছে তাকে। সবকিছু যেন হারিয়ে যেতে বসেছে জীবন থেকে।
এ ছাড়া গত দুই বছরে অর্থাৎ করোনাকালে কয়েকটি ওয়েবম্যাগের জন্য সন্ধ্যা সিরিজ (গল্প) লিখেছিলেন সাইফ। এ সব গল্পে ফুটে উঠেছে রুদ্ধশ্বাস দিনযাপন, প্রিয়জনের জন্য ব্যাকুলতা, অসহায় জীবনাচরণ, করোনকাল এবং মনস্তাত্ত্বিক জটিলতা। সেই গুল্পগুলোও এই গ্রন্থে সংযোজন করেছেন তিনি।
