আর্থিক অনিয়ম ও দুর্নীতির দায়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের সহকারী প্রকৌশলী আ হ ম আবদুল্লা হারুনকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে ডিএসসিসি সূত্র এ তথ্য জানায়। সংস্থার সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত এক দপ্তর আদেশে এই প্রকৌশলীকে সোমবার চাকরিচ্যুত করা হয়।
আদেশে বলা হয়, এ কর্মকর্তার নানা কর্মকাণ্ডে প্রতীয়মান হয়েছে, তিনি বিভিন্ন সময়ে অনিয়ম, দুর্নীতি এবং করপোরেশন ও জনস্বার্থবিরোধী কাজে জড়িত ছিলেন। এতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আর্থিক ক্ষতি ও ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এ জন্য তাকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মচারি চাকরি বিধিমালা ২০১৯–এর ৬৪ (২) বিধি অনুসারে জনস্বার্থ ও করপোরেশনের স্বার্থ রক্ষায় চাকরি থেকে অপসারণ করা হলো। তিনি কেবল বিধি মোতাবেক ৯০ দিনের বেতন পাবেন।
এদিকে দক্ষিণ সিটির জনসংযোগ শাখা থেকে জানানো হয়, প্রায় ১২ কোটি টাকা আর্থিক অনিয়ম ও দুর্নীতির দায়ে এই প্রকৌশলীকে চাকরিচ্যুত করা হয়েছে।
