‘প্রেম প্রীতির বন্ধন’ ছবিতে প্রথম জুটি বাঁধেন অপু বিশ্বাস ও জয় চৌধুরী। ঈদে ছবিটি মুক্তির কথা রয়েছে। এবার অপু-জয় জুটি নতুন ছবিতে চুক্তিবদ্ধ হলেন। অপু বিশ্বাস বলেন, ছবির জন্য এখন ফটোশুট করছি। বুধবার থেকে শ্যুটিং শুরু হবে।
এই ছবির নাম ‘ট্র্যাপ’ (দ্য আনটোল্ড স্টোরি)। পরিচালনায় থাকছেন দ্বীন ইসলাম। জানা যায়, তিনি এর আগে ‘চরিত্র’ নামে একটি ছবি নির্মাণ করেছেন, কিন্তু মুক্তি পায়নি।
ট্র্যাপ সায়েন্স ফিকশন ধাঁচের ছবি উল্লেখ করে অপু বলেন, আমি এত এত ছবি করলেও এ ধরনের ছবি আগে করিনি। গল্পটাও একেবারে আধুনিক।
নায়ক জয় চৌধুরী বলেন, প্রযুক্তির এই যুগে মানুষ কোনো না কোনো ভাবে ট্র্যাপে পড়ছে। হ্যাকিং এর শিকার হয়ে ক্ষতির সম্মুখীন হচ্ছেন। অনেকটা সায়েন্স ফিকশন ধাঁচের ছবি হবে ট্র্যাপ। আজ (বুধবার) এফডিসিতে গানের শ্যুটিংয়ের মাধ্যমে ট্র্যাপের কাজ শুরু হবে জানিয়ে জয় বলেন, এফডিসি ও অন্যান্য লোকেশনে মিলিয়ে ১৫ মার্চ পর্যন্ত ট্র্যাপের শ্যুটিং হবে।
