যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত পিটার ডি হাস ঢাকায়

আপডেট : ০২ মার্চ ২০২২, ০৪:১৮ এএম

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত পিটার ডি হাস ঢাকায় এসেছেন। গতকাল মঙ্গলবার তিনি ঢাকায় পৌঁছান।

ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস তাদের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে এ তথ্য নিশ্চিত করেছে। ওই টুইটে বলা হয়েছে, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত পিটার হাস আজ ঢাকায় পৌঁছেছেন। তিনি বিদায়ী রাষ্ট্রদূত আর্ল মিলারের স্থলাভিষিক্ত হচ্ছেন।

পিটার হাস সম্প্রতি যুক্তরাষ্ট্রের অর্থনীতি ও ব্যবসাবিষয়ক ভারপ্রাপ্ত সহকারী সেক্রেটারি অব স্টেট হিসেবে দায়িত্ব পালন করেছেন। রীতি অনুযায়ী, নতুন রাষ্ট্রদূত শিগগিরই বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে তার পরিচয়পত্র পেশ করবেন।

ঢাকা আসার আগে গত ১১ ফেব্রুয়ারি পিটার হাস ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। সেখানে পিটার বলেন, ‘দুই দেশের সম্পর্ককে এগিয়ে নিতে একসঙ্গে কাজ করতে আমরা উন্মুখ হয়ে আছি।’

পিটার হাসের পৌঁছানোর আগের দিন ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশকে এক কোটি ফাইজার টিকা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। এ ছাড়া সম্প্রতি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী কোপ সাউথ নামের যৌথ মহড়া করেছে।

গত ৯ জুলাই বাংলাদেশে যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে পিটার হাসকে নিয়োগ দেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। এরপর যুক্তরাষ্ট্রের সিনেট ডি হাসের মনোনয়ন চূড়ান্ত করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত