রাওয়ালপিন্ডি টেস্টের জন্য ডাক পেলেন নাসিম শাহ

আপডেট : ০২ মার্চ ২০২২, ১০:৩৪ এএম

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের জন্য স্কোয়াডে পরিবর্তন আনতে বাধ্য হলো পাকিস্তান। করোনা আক্রান্ত হয়ে ছিটকে যাওয়া পেসার হারিস রউফের জায়গায় ডাক পেয়েছেন নাসিম শাহ।

১৯ বছর বয়সী এই পেসার এর আগে ট্রাভেলিং রিজার্ভে ছিলেন। এবার অন্তর্ভুক্ত হলেন স্কোয়াডে। নাসিমকে লাল বলের ক্রিকেটে সর্বশেষ দেখা গেছে ২০২১ জানুয়ারি, ক্রাইস্টচার্চে।

৪ মার্চ থেকে রাওয়ালপিন্ডিতে শুরু হচ্ছে পাকিস্তান-অস্ট্রেলিয়ার সিরিজের প্রথম টেস্ট। শুরুর টেস্টে একাদশে জায়গা পাওয়ার জন্য নাসিমকে এখন লড়াই করতে হবে মোহাম্মদ ওয়াসিম জুনিয়রের সঙ্গে।

করোনা আক্রান্ত রউফ পাঁচদিন আইসোলেশনে থাকবেন। কোয়ারেন্টিন শেষে তিনি স্কোয়াডে যোগ দেবেন। পিসিবি আরও নিশ্চিত করেছে, রউফের কভিড-১৯ পজিটিভ আসার পর স্কোয়াডের বাকি খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের করোনা পরীক্ষা করা হয়েছে। তাদের প্রত্যেকের নেগেটিভ এসেছে।

এখনো টেস্টে অভিষেক হয়নি রউফের। তবে পাকিস্তানের সাদা বলের স্কোয়াডের নিয়মিত সদস্য তিনি। এর আগে সিরিজের প্রথম টেস্ট থেকে ছিটকে যান হাসান আলী ও ফাহিম আশরাফ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত