ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে লিটন

আপডেট : ০২ মার্চ ২০২২, ০৩:৪০ পিএম

আফগানিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ব্যাট হাতে দুর্দান্ত সময় কাটিয়েছেন লিটন দাস। তার পুরস্কারও দ্রুত পেয়ে গেলেন ডানহাতি ওপেনার।

হালনাগাদ করা আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে লিটন। তিন ধাপ এগিয়ে ৫৯২ রেটিংয়ে নিয়ে ৩২তম স্থানে জায়গা করে নিয়েছেন তিনি।

চট্টগ্রামে আফগানদের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ১ রান করলেও দ্বিতীয় ম্যাচে করেন সেঞ্চুরি। তার ১৩৬ রানের সুবাদে সিরিজ জিতে নেয় বাংলাদেশ। তৃতীয় ও শেষ ম্যাচে ৮৬ রানের ইনিংস খেলেও টাইগারদের জেতাতে পারেননি লিটন। তবে সিরিজ সেরার পুরস্কার উঠেছে তার হাতে।

র‌্যাঙ্কিংয়ে লিটনের উন্নতি হলেও অবনমন হয়েছে দুই অভিজ্ঞ ব্যাটার তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের। ভুলে যাওয়ার মতো সিরিজ কাটানো তামিম দুই ধাপ পিছিয়ে আছেন ২৩তম স্থানে।

আর ক্যারিয়ার সেরা ১১তম অবস্থান থেকে দুই ধাপ পিছিয়ে ১৩-তে নেমে গেছেন মুশফিক। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ফিফটি করলেও অন্য দুই ম্যাচে বড় ইনিংস খেলতে পারেননি এই উইকেটরক্ষক-ব্যাটার।

বাংলাদেশি বোলারদের মধ্যে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়েছেন মেহেদি হাসান মিরাজ। তিন ম্যাচে মাত্র তিন উইকেট নিয়ে সাতে রয়েছেন এই স্পিন অলরাউন্ডার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত