দীপ্ত কৃষি অ্যাওয়ার্ড শুক্রবার

আপডেট : ০২ মার্চ ২০২২, ০৫:৩৩ পিএম

দ্বিতীয়বারের মতো আয়োজন করা হয়েছে 'এসিআই দীপ্ত কৃষি অ্যাওয়ার্ড ২০২১'। শুক্রবার জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই অ্যাওয়ার্ড প্রদান করা হবে। আয়োজনটি বিকেল ৪টায় মাসুদ মিয়ার প্রযোজনায় সরাসরি সম্প্রচার করবে দীপ্ত টিভি। এছাড়া দিনব্যাপী থাকবে কৃষি মেলা।

‘‌এসিআই দীপ্ত কৃষি অ্যাওয়ার্ড ২০২১‘‌ উপলক্ষে বুধবার দুপুর ১২টায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন দীপ্ত টিভির সিইও ফুয়াদ চৌধুরী এবং এসিআই এগ্রো বিজনেস ডিভিশন এর প্রেসিডেন্ট ড. ফা. হ. আনসারী। এছাড়া বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. দেবাশীষ সরকার ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর মহাপরিচালক মো. বেনজীর আলমও উপস্থিত ছিলেন।  

২০১৬ সালের ৭ জুন থেকে দীপ্ত টিভিতে সম্প্রচারিত হয়ে আসছে কৃষি বিষয়ক অনুষ্ঠান 'দীপ্ত কৃষি'। দীর্ঘ সময় ধরে বাংলাদেশের কৃষি অগ্রযাত্রায় কাজ করছে এই জনপ্রিয় অনুষ্ঠানটি। কৃষির অগ্রগতিতে যারা অসামান্য অবদান রেখেছেন সেসকল কৃষকদের সম্মাননা জানানোর লক্ষ্যে এই পদক প্রবর্তন করা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, কৃষকদের সম্মাননা প্রদান করবেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এবং বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কৃষি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মহাপরিচালকগণ। কৃষকদের সম্মাননা সনদ, ক্রেস্ট, এক লাখ টাকা করে সম্মাননা এবং এসিআই এর পক্ষ থেকে গিফট প্রদান করা হবে।

কৃষকদের সম্মানিত করতে মোট ১০টি ক্যাটাগরিতে দেওয়া হচ্ছে পদক। এর মধ্যে রয়েছে- সেরা মৎস্যচাষি, সেরা পোলট্রি খামারি, সেরা কৃষি উদ্ভাবক, সেরা মাঠ ফসল উৎপাদনকারী কৃষক, সেরা সবজিচাষি, সেরা গবাদিপশুর খামারি, সেরা ফলবাগানি, সেরা গুচ্ছ কৃষি/সমবায় কৃষি, সেরা কৃষি উদ্যোক্তা পুরুষ, সেরা কৃষি উদ্যোক্তা নারী।

পুরস্কার প্রদান মঞ্চে সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেবেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস, মেহজাবিন চৌধুরী, মিম চৌধুরী, নাদিয়া। এছাড়া গান পরিবেশন করবেন ফোক সম্রাজ্ঞী মমতাজ। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা পূর্ণিমা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত