দেশে প্রয়োজনের তুলনায় অনেক বেশি পণ্য মজুদ রয়েছে দাবি করে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, আসন্ন রমজান মাসে পণ্যের কোনো ঘাটতি হওয়ার কথা নয়। কোনো অসাধু ব্যবসায়ীকে সুযোগ নিতে দেওয়া হবে না। কৃত্রিম উপায়ে পণ্যের সংকট সৃষ্টি করে মূল্যবৃদ্ধির চেষ্টা করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
গতকাল বুধবার বিকেলে সচিবালয়ে এক সভা শেষে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন। পবিত্র রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুদ, সরবরাহ, আমদানি ও মূল্য পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
মন্ত্রী বলেন, ‘আমরা শুনেছি তেলের বোতলের গায়ে যে দাম লেখা থাকে বোতল থেকে খুলে বিক্রি করলে সে দামের কোনো বালাই থাকে না। এসব কথা শোনার পর ডিজিএফআই, পুলিশ, এনএসআই, ভোক্তা অধিকার, প্রতিযোগিতা কমিশনÑ সবাইকে বলেছি, ইউ টেক ইউর অ্যাকশন।’
খুচরা বাজারে অতিরিক্ত দামে পণ্য বিক্রি হচ্ছে এ বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে জানতে চাইলে টিপু মুনশি বলেন, ‘এজন্য আমাদের আইনশৃঙ্খলা বাহিনী আছে, ভোক্তা অধিকার আছে, তাদের এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা। আমরা এবার ডিসি ও প্রশাসনের সাহায্য নিয়েছি। এ ধরনের কাজ যারা করবেন, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন। যৌথ অভিযান পরিচালনা করবেন কি না জানতে চাইলে টিপু মুনশি বলেন, ‘যেখানে যেমন প্রয়োজন সেখানে তেমন ব্যবস্থা নেওয়া হবে। যদি কোথাও যৌথ দরকার পড়ে সেখানে যৌথ ব্যবস্থা নেওয়া হবে। যদি পুলিশ একা পারে, পুলিশ একা করবে; ডিসি পারলে ডিসি একা করবে। সবারই ম্যাজিট্রেসি ক্ষমতা আছে। যার-যার মতো করে করবে। যদি কোথাও মনে করে সবাই একসঙ্গে যাওয়া দরকার, সেখানে তারা একসঙ্গে যাবে।’ তিনি বলেন, ‘সরকারের চেয়ে বড় হাত কারও নয়। আমরা বসতে চাই, সুবিধা দিতে চাই, কিন্তু তাই বলে এমন না, তারা সুযোগ নেবেন। মাঝখানে তারা এসেছিল, তেলের দাম বাড়ানোর বিষয়ে। আমরা পরিষ্কার বলে দিয়েছি, সম্ভব নয়। আমরা আপনাদের (গণমাধ্যম) একটু সহযোগিতা চাই।’
