টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টেলিপ্যাব) ২০২২-২৪ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১৯ মার্চ। সভাপতি পদে প্রার্থী হয়েছেন অভিনেত্রী রোকেয়া প্রাচী। তার সঙ্গে কথা বলেছেন মাসিদ রণ
নির্বাচন...
টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টেলিপ্যাব) ২০২২-২৪ মেয়াদের নির্বাচনে আমি সভাপতি প্রার্থী। এই নির্বাচনে কোনো প্যানেল না থাকলেও সমমনা প্রার্থীদের একাংশ জোট হয়ে নির্বাচন করছি। আমার ও সাধারণ সম্পাদক প্রার্থী সাজ্জাদ হোসেন দোদুলের নেতৃত্বে মোট ২৭ জন প্রার্থী এক হয়ে নির্বাচন করছেন। গত ১ মার্চ রাজধানীর গুলশান ক্লাবে একটি পরিচিতি সভা ও প্রেস কনফারেন্স করেছি। এ সময় সমমনা প্রার্থীরা নিজেদের পরিচয় তুলে ধরে ভোট চান এবং টেলিপ্যাবের উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন।
কারণ...
শিল্পবান্ধব সংস্কৃতি গড়ে তুলতে চাই। আমাদের এই জায়গাটির (টেলিভিশন নাটক ইন্ডাস্ট্রি) অবস্থা বর্তমানে ভালো না। তাই আমরা এগিয়ে এসেছি পরিবর্তনের জন্য। বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে, তাই টেলিপ্যাবও উন্নয়নের মহাসাগরে এগিয়ে নিতে চাই। প্রযোজকের মুখে হাসি ফুটিয়ে সবাইকে নিয়ে এগিয়ে যেতে চাই। আমরা সবাই একসঙ্গে কাজ করব। প্রযোজকদের স্বার্থরক্ষার জন্য নির্বাচনে অংশ নিচ্ছি। কারণ প্রযোজক বাঁচলে ইন্ডাস্ট্রি বাঁচবে। আমরা তাদের কথা বলতে চাই, তাদের উন্নয়নে কাজ করতে চাই। এই ইন্ডাস্ট্রির বয়স তো কম হয়নি, কিন্তু আমাদের প্রযোজকদের অর্থের স্বার্থের নিরাপত্তা নিশ্চিত হয়নি এতদিনেও। আমরা সংগঠনের পক্ষে, প্রযোজকদের পক্ষে কাজ করতে চাই। কেউ কেউ একা এগিয়ে যাবে, আর অন্য সবাই হতাশ হয়ে হারিয়ে যাবে, তা হবে না। আমরা মরি বাঁচি একসঙ্গে। সবাই মিলেমিশে সুখে-দুঃখে এগিয়ে যাব।
ইশতেহার...
প্রযোজকদের লগ্নি ফেরত এবং তাদের সম্মান রক্ষায় কাজ করব। দেশে বর্তমানে অনেক টিভি চ্যানেল হলেও আমাদের কাজের পরিধি বাড়েনি বরং কমেছে। সেই জায়গার পরিবর্তন করতে চাই। অনেক প্রযোজক কাজ করতে পারছেন না। তাদের কাজের জায়গা তৈরি করতে চাই। দিনশেষে প্রযোজকদের মুখে হাসি ফোটাব। আমরা যে ইশতেহার দিয়েছি, সেই ইশতেহার আগে কেউ দেয়নি। আমরা উদ্যোগ নিয়েছি, এত বছর যে কাজ হয়নি, তা আমরা করতে চাই। এরই মধ্যে আমরা গুরুত্বপূর্ণ ২০টি সমস্যার কথা তথ্যমন্ত্রীর কাছে তুলে ধরেছি। আমরা কাজের পরিবেশ আরও বড় করব। আমাদের টার্গেট প্রযোজকদের বাঁচানো এবং কীভাবে মান উন্নয়ন করা যায়। প্রতিযোগিতার বাজারে আমরা ভিন্ন পরিকল্পনা নিয়েছি।
