নাজনীন হাসান চুমকির প্রথম গল্পগ্রন্থ ‘বিনীতা’ প্রকাশ হয়েছিল ২০২০ সালে অমর একুশে বইমেলায়। ওই বছর প্রথম প্রকাশিত বই নিয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করেছিল দেশ রূপান্তর। চুমকির বইটির খবরও ছিল সেই প্রতিবেদনে।
দুই বছর পর চুমকির লেখালেখির খবর জানতে দেশ রূপান্তর যোগাযোগ করে তার সঙ্গে। চুমকি বলেন, “প্রথম বই ‘বিনীতা’ প্রকাশ করেছিল নাগরী প্রকাশনী এবং প্রচ্ছদ এঁকেছিলেন আল নোমান। এগারটি গল্প সংকলিত হয়েছে বইটিতে। প্রথম যেকোনো কিছুই বড় আনন্দের। কারণ, মেধা-মনন-আবেগ-মানুষ সর্বোপরি সময়ের সন্নিবেশের ফসল একটি বই। এটি পুরোপুরি নিজের সম্পদ।”
দ্বিতীয় বই প্রকাশের ব্যাপারে এখনো কোনো পরিকল্পনা করেননি বলে জানান তিনি। চুমকি বলেন, ‘আমার লেখা কিছু অপ্রকাশিত কবিতা ও গল্প রয়েছে। আবার কিছু লেখা হারিয়েও ফেলেছি। সংগ্রহে থাকা লেখাগুলো নিয়ে বই প্রকাশ করার ইচ্ছা আছে। তবে আমি মনে করি বই প্রকাশের ক্ষেত্রে তাড়াহুড়োর কিছু নেই। বই প্রকাশ করতে হবে বলে লিখি না। যখন লিখতে ইচ্ছা করে তখনই লিখি। যদি কখনো প্রকাশক আগ্রহী হন, সেগুলো বই আকারে প্রকাশ হতে পারে।’
বর্তমানে গবেষণার কাজ নিয়ে ব্যস্ত আছেন তিনি। নাজনীন চুমকি বলেন, “নতুন করে এখন লেখা কম হচ্ছে। আমি এখন মূলত পিএইচডি গবেষণা নিয়ে ব্যস্ত আছি। ‘বাংলাদেশের শিশু থিয়েটার’ বিষয়ে গবেষণা করছি। অনেক বড় পরিসরের এই কাজটি করতে গিয়ে অনেক সময় দিতে হচ্ছে। ফলে নিজের বই প্রকাশ নিয়ে ভাবার সময় পাচ্ছি না।”
দেশের অন্যতম নাট্যদল ‘দেশ নাটক’ এর সঙ্গে যুক্ত আছেন নাজনীন চুমকি। এই নাট্যদলের হয়ে একাধিক নাটকে নিয়মিত মঞ্চে অভিনয় করছেন তিনি। এছাড়া টেলিভিশন নাটকে অভিনয় নিয়েও ব্যস্ত সময় কাটছে তার। ব্যস্ততার মাঝেই যখন লিখতে ইচ্ছা করে, তিনি লিখেন। লেখার সময় বই প্রকাশের বিষয়টি মাথায় নিয়ে লিখেন না। মনের আনন্দে লিখেন বলেও জানান চুমকি।
