জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য হিসেবে অধ্যাপক ফারজানা ইসলামের মেয়াদ শেষ হওয়ার পরদিনই তার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। গতকাল বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে মিছিলটি বের হয়। পরে ফারজানা ইসলামের বাসভবনের দিকে গেলে এতে বাধা দেন তার সমর্থক শিক্ষকরা। দুইপক্ষে বাগ্বিতন্ডার পর শিক্ষার্থীদের তোপের মুখে রাস্তা ছেড়ে দেন শিক্ষকরা। পরে বাসভবনের পাশের সড়কে সমাবেশ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। সমাবেশে ফারজানা ইসলামের বিরুদ্ধে উঠা দুর্নীতি ও শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগের দ্রুত বিচারের দাবি জানান তারা। সমাবেশে ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি রাকিবুল রনি বলেন, ‘ফারজানা ইসলামের বিরুদ্ধে ২ কোটি টাকা দুর্নীতি ও ছাত্রদের মারধরের অভিযোগ থাকলেও তার অনুসারী শিক্ষকদের সহযোগিতায় কোনো তদন্ত অগ্রগতির মুখ দেখেনি।’
×
