দলের প্রয়োজনের সময় বড় ইনিংস খেলতে পারলেন না সাকিব আল হাসান। ব্যক্তিগত ৫ রানে কায়েস আহমেদের বলে মুজিব উর রহমানের হাতে বন্দী হয়ে সাজঘরে ফিরলেন দেশ সেরা অলরাউন্ডার।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ৭১ রান করেছে বাংলাদেশ। ব্যাটিংয়ে আছেন উইকেটরক্ষক লিটন দাস (৩৪) ও অধিনায়ক মাহমুদউল্লাহ (৯)।
এর আগে মিরপুরে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিদায় নেন বাংলাদেশের দুই ওপেনার। মোহাম্মদ নাঈমের পর ফেরেন মুনিম শাহরিয়ার। পেসার ফজলহক ফারুকির বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন নাঈম (২)।
টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে অভিষেক হওয়া মুনিম আশা জাগিয়েছিলেন বড় ইনিংস খেলার। কিন্তু ১৮ বলে ৩ চারে ১৭ রান করে রশিদ খানের এলবিডব্লিউর ফাঁদে পড়েন তিনি।
