প্রকাশনা সংস্থা ঐতিহ্য ৩৫ খণ্ডে প্রকাশ করেছে সৈয়দ শামসুল হকের সমুদয় রচনা। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১১টায় সব্যসাচী লেখকের স্মৃতিবিজড়িত বাসভবন গুলশানের মঞ্জুবাড়ির সবুজ প্রাঙ্গণে হস্তান্তর উৎসবের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন সৈয়দ শামসুল হকের জীবনসঙ্গী আনোয়ারা সৈয়দ হক, পুত্র দ্বিতীয় সৈয়দ হক ও ঐতিহ্যের প্রধান নির্বাহী আরিফুর রহমান নাইম।
শুরুতে কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক বলেন, আমরা অত্যন্ত আনন্দিত যে তার প্রয়াণের ৫ বছর পর ঐতিহ্য ৩৫ খণ্ডে তার রচনাসমগ্র প্রকাশ করেছে। আমরা মনে করি এখন পাঠক সহজেই বিচিত্র-বর্ণাঢ্য সৈয়দ শামসুল হকের বহুধা-বিস্তৃত সৃষ্টিকর্মের সঙ্গে পরিচিত হতে পারবেন।
আরও বলেন, রচনাসমগ্র প্রকাশের সঙ্গে সঙ্গে তা সৈয়দ হকের পরিবারের হাতে তুলে দেওয়ার জন্য যে হস্তান্তর উৎসবের আয়োজনে করেছে তা অভিনব এবং অভিনন্দনযোগ্য ঘটনা।
সৈয়দ হকের পুত্র দ্বিতীয় সৈয়দ হক বলেন, বাবা সব সময় লেখার মধ্যে ছিলেন, মানুষের পক্ষে ছিলেন। যে বাড়িতে তিনি বহু লেখা লিখে গেছেন, সে বাড়িতে তার রচনাসমগ্র প্রকাশকের পক্ষ থেকে তার পরিবারের কাছে তুলে দেওয়া হচ্ছে, এটা আমাদের জন্য ভীষণ আনন্দের।
আরও বলেন, ১৯ হাজার ১১২ পৃষ্ঠার ৩৫ খণ্ড সৈয়দ শামসুল হক রচনাসমগ্র প্রকাশ করে বাংলা প্রকাশনা জগতের ইতিহাসে নতুন রেকর্ড সৃষ্টি করেছে ঐতিহ্য।
প্রকাশনা প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী আরিফুর রহমান নাইম বলেন, বাংলা প্রকাশনার গৌরব ঐতিহ্য রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর, শরৎচন্দ্র, মানিক, বিভূতি, জীবনানন্দ, প্রমথ চৌধুরী, আল মাহমুদ, রশীদ করীম রচনাবলির ধারাবাহিকতায় প্রকাশ করেছে ৩৫ খণ্ড সৈয়দ শামসুল হক রচনাসমগ্র। আয়তনের বিশালতায় এবং বিষয়ের বৈচিত্র্যে এই রচনাসমগ্র বাংলা সাহিত্য এবং বাংলা প্রকাশনা জগতের ইতিহাসে এক অবিস্মরণীয় ঘটনা। বাংলা সাহিত্যের সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের রচনাসমগ্র প্রকাশ করতে পেরে ঐতিহ্য আনন্দিত ও গর্বিত।
তিনি বলেন, আমরা সৈয়দ শামসুল হকের আরও বেশ কিছু রচনার সন্ধান পেয়েছি যা সংকলন করলে আরও তিনটি খণ্ড প্রকাশ করা সম্ভব হবে। আমরা আশা করি, আগামী কয়েক মাসের মধ্যে অবশিষ্ট রচনাগুলো ঐতিহ্য খণ্ডাকারে প্রকাশ করে।
অনুষ্ঠানের দ্বিতীয় ভাগে আরিফুর রহমান নাইমের কাছ থেকে রচনাসমগ্র গ্রহণ করেন আনোয়ারা সৈয়দ হক, দ্বিতীয় সৈয়দ হক, সৈয়দ হকের পৌত্র এজরা সৈয়দ হক এবং পরিবারের অন্য সদস্যরা। এরপর অগ্রিম গ্রাহকদের মধ্য থেকে কয়েকজনের হাতে রচনাসমগ্র তুলে দেন আনোয়ারা সৈয়দ হক এবং আরিফুর রহমান নাইম।
বৃহস্পতিবার থেকে অমর একুশে বইমেলায় ঐতিহ্য-এর ৩৫ নম্বর প্যাভিলিয়নে ‘সৈয়দ শামসুল হক রচনাসমগ্র’ পাওয়া যাবে।
