ইউক্রেনে আগ্রাসনের পরিপ্রেক্ষিতে রাশিয়ায় সাময়িকভাবে বিক্রয় কার্যক্রম স্থগিত করেছে এইচঅ্যান্ডএম। বিশে্বর দ্বিতীয় শীর্ষ রিটেইলারের বরাতে বিবিসি এ তথ্য জানিয়েছে।
এক বিবৃতিতে সুইডিশ রিটেইলার বলেছে, বিক্রি বন্ধের মাধ্যমে তারা সব ভুক্তভোগীর পাশে দাঁড়িয়েছে। এর আগে রাশিয়ার অভিযান শুরুর পরপরই গ্রাহক ও কর্মীদের নিরাপত্তার স্বার্থে ইউক্রেনের দোকানগুলো অস্থায়ীভাবে বন্ধ করে দেয় এইচঅ্যান্ডএম।
বিবিসির প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত বুধবার সন্ধ্যা থেকে রাশিয়ায় এইচঅ্যান্ডএমের ইংরেজি ভাষার ওয়েবসাইটটি বন্ধ রয়েছে। সেখানে লেখা আছে সাময়িকভাবে এইচঅ্যান্ডএমের কার্যক্রম বন্ধ রয়েছে।
এইচঅ্যান্ডএমের ষষ্ঠ বৃহত্তম বাজার রাশিয়া। বর্তমানে দেশটিতে প্রতিষ্ঠানটির ১৫০টির বেশি বিক্রয়কেন্দ্র রয়েছে। গত বছরের শেষ প্রান্তিকে কোম্পানিটির মোট বিক্রির ৪ শতাংশ হয়েছে রাশিয়ায়। সেই ধারাবাহিকতায় চলতি বছরের শুরুতে একই গ্রুপের অধীনে ভিন্ন নামে আরও কয়েকটি খুচরা বিক্রির দোকান খুলেছিল এইচঅ্যান্ডএম। এখন সেসব দোকানেও বিক্রি বন্ধ রেখেছে তারা।
ইউক্রেনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হামলার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করছে বিশে^র নামিদামি ব্র্যান্ডগুলো। ফাস্ট ফ্যাশন রিটেইলার আসুসও গত বুধবার রাশিয়ায় গ্রাহকদের সেবা না দেওয়ার ঘোষণা দিয়েছে। নাইকি এ সংকট নিয়ে বিশেষ কোনো মন্তব্য না করলেও রাশিয়ার গ্রাহকরা প্রতিষ্ঠানটির পণ্য অনলাইন স্টোর থেকে কিনতে পারছেন না। অ্যাপলও ইউক্রেন সংকটে উদ্বেগ প্রকাশ করে রাশিয়ায় পণ্য বিক্রি বন্ধ রেখেছে।
