সোনার ভরি ৭৮ হাজার টাকা

আপডেট : ০৪ মার্চ ২০২২, ১২:৪৯ এএম

ইউক্রেনে রুশ আগ্রাসনের জেরে আন্তর্জাতিক বাজারে সোনার দাম ঊর্ধ্বমুখী। এর পরিপ্রেক্ষিতে দেশেও সোনার দাম বাড়ানো হয়েছে ভরিতে ৩ হাজার ২৬৫ টাকা। গতকাল বৃহস্পতিবার থেকে এই নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

এখন ভালো মানের প্রতি ভরি সোনা কিনতে লাগছে ৭৮ হাজার ২৬৫ টাকা। তবে রুপার দামে কোনো পরিবর্তন আসেনি।

বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটি গত ১ মার্চ বৈঠক করে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়। পরে মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি এম এ হান্নান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর এ সিদ্ধান্ত জানানো হয়। নতুন মূল্য অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ৩ হাজার ২৬৫ টাকা  বেড়ে হয়েছে ৭৮ হাজার ২৬৫ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি এখন বিক্রি হবে ৭৪ হাজার ৭৬৬, ১৮ ক্যারেট ৬৪ হাজার ১৫২ টাকা করা হয়েছে। সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা এখন বিক্রি হবে ৫৩ হাজার ৪২১ টাকায়।

এর আগে গত ৯ ফেব্রুয়ারি ঘোষণা দিয়ে সোনার দাম বাড়ায় বাজুস। সিদ্ধান্ত কার্যকর হয় ১০ ফেব্রুয়ারি থেকে। ওই সময় ভালো মানের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৮৬৭ টাকা বাড়িয়ে ৭৫ হাজার টাকা নির্ধারণ করা হয়।

এ ছাড়া ২১ ক্যারেটের দাম নির্ধারণ করা হয় ৭১ হাজার ৬৭৫ এবং ১৮ ক্যারেটের ৬১ হাজার ৮১৯ টাকা। সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম নির্ধারণ হয় ৫১ হাজার ২০৫ টাকা।

সোনার দাম বাড়লেও রুপার আগের নির্ধারিত দামই বহাল রয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ১ হাজার ৪৩৫, ১৮ ক্যারেটের ১ হাজার ২২৫ এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৯৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত